ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের পঞ্চবটি চা বাগানে সহকারী ম্যানেজার ও চিকিৎসককে কুপিয়ে জখম করে শ্রমিকদের বেতন-ভাতার ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই স্থানীয় জনতা ও চা শ্রমিকদের সাহসিকতায় রাত পোহানোর আগেই ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে নারায়নহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ পঞ্চবটি চা বাগান এলাকায় এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন পঞ্চবটি চা বাগানের সহকারী ম্যানেজার নেপাল কান্তি দাশ (৬০) ও বাগানের চিকিৎসক ডা. বাবুল দাশ (৫৫)।
বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও বোনাস বিতরণের জন্য দুপুরে নারায়নহাট বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ৩৩ হাজার টাকা উত্তোলন করেন নেপাল কান্তি দাশ ও ডা. বাবুল দাশ। টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে বাগানের প্রধান ফটক দিয়ে কারখানার দিকে যাওয়ার পথে মসজিদের কাছে পৌঁছালে ওতপেতে থাকা অস্ত্রধারী একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। কর্মকর্তারা টাকার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী আবু ছুরি দিয়ে ডা. বাবুল দাশকে কোপ দেয় এবং সম্রাট সহকারী ম্যানেজারের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পরে রাশেদ নামের আরেকজন তাঁদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে ডা. বাবুল দাশের অবস্থার অবনতি হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তাঁর মাথায় একাধিক সেলাই লেগেছে বলে জানা গেছে। বাগানের ব্যবস্থাপক অর্জুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকেরা চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া চালান। একপর্যায়ে পাশের গ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর লুকিয়ে থাকা অবস্থায় মোহাম্মদ আবুকে (২৪) আটক করা হয়। তিনি ভূজপুর ইউনিয়নের পাগলিছড়ি এলাকার জালাল আহমদের ছেলে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ইদিলপুর টিলাপাড়ার আবুল হাশেমের ছেলে জিহানকে (২৬) আটক করা হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে বাগানের পশ্চিম পাশের গভীর জঙ্গল থেকে ছিনতাই করা টাকাসহ অপর দুই সহযোগী রাশেদ ও সম্রাটকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকেরা সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি। তাদের অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো এলাকা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা অবিলম্বে আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চা বাগান এলাকায় স্থায়ী পুলিশি নিরাপত্তার দাবি জানান।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার তারেক আজিজ জানান, চা বাগান ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ
নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী