অঙ্কুরেই মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে বেপরোয়া নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ
বিএনপির শীর্ষ নেতার নিকটাত্মীয় এবং জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) ‘বঞ্চিত ও ত্যাগী নেতা’ পরিচয় ব্যবহার করে বেপরোয়া নিয়োগ বাণিজ্য, চরম স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলামের বিরুদ্ধে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধিমালার তোয়াক্কা না করে আপন শ্যালক, ভাগ্নে-ভাগ্নিসহ আত্মীয়স্বজনকে গুরুত্বপূর্ণ পদে বসানো এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাষক পদে নিয়োগ দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটি অঙ্কুরেই মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। পিছিয়ে পড়া সীমান্ত জেলা কুড়িগ্রামে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এই নতুন বিদ্যাপীঠ ঘিরে এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় সচেতন মহল।
অনুসন্ধানে দেখা গেছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। বিধি অনুযায়ী প্রভাষক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি থাকা বাধ্যতামূলক হলেও মাস্টার্স সম্পন্ন হওয়ার আগেই দুজনকে প্রভাষক হিসেবে নিয়োগ ও যোগদান দেখানো হয়েছে। এর মধ্যে ফিশিং অ্যান্ড হার্ভেস্ট বিভাগের প্রভাষক মো. আহসানুল হক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে এমএস সম্পন্ন করলেও তাঁকে যোগদান দেখানো হয়েছে ওই বছরের ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রভাষক মরিয়ম আক্তার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর এমএস শেষ করলেও তাঁর চাকরিতে যোগদান দেখানো হয়েছে একই বছরের সেপ্টেম্বর মাসে।
এ ছাড়া বয়সসীমা অতিক্রম করা সত্ত্বেও ভিসির আপন তিন ভাগ্নে-ভাগ্নিসহ অন্তত সাতজন নিকটাত্মীয়কে বিভিন্ন প্রশাসনিক ও কর্মকর্তা পদে বিধিবহির্ভূতভাবে বসানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—ভিসির পিএস (সেকশন অফিসার) হিসেবে নিয়োগপ্রাপ্ত আপন বোনের ছেলে মো. আতিকুর রহমান (৩৬), সহকারী স্টোর কিপার পদে বোনের মেয়ে মোছা. রেজভীন বেগম (৩৪), সেকশন অফিসার (পরীক্ষা) পদে ভাগ্নে মো. গোলাম মোস্তফা, সেকশন অফিসার (খামার) পদে বোনের মেয়ে জান্নাতুল ফেরদৌস এবং সেকশন অফিসার পদে আপন শ্যালক মো. আব্দুল্লাহ-আল সোহাগ। পাশাপাশি এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ফুফা শ্বশুরের ছেলে রাইয়্যান রেজা এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট হিসেবে আপন ফুফাতো ভাইয়ের ছেলে মো. রায়হান সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ২ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। যোগদানের পরই তিনি পছন্দের ব্যক্তিদের এডহক ভিত্তিতে শিক্ষক ও কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে শুরু করেন। ২৬টি বিভাগে প্রভাষক পদের সার্কুলার হলেও ইতোমধ্যে বাছাই কমিটি ছাড়াই ৮ জনকে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, পুরো সিন্ডিকেট ও নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন ভিসির আপন শ্যালক আব্দুল্লাহ-আল সোহাগ। আসন্ন বিভিন্ন পদের নিয়োগ সামনে রেখে শ্যালকের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকার আগাম লেনদেনের গুঞ্জন ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। কোনো তদন্তের মুখে পড়ার আশঙ্কায় ভিসি সব ব্যক্তিগত নথি ও ফাইল রেজিস্ট্রার দপ্তরের পরিবর্তে নিজের হেফাজতে রেখেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ নিয়মানুযায়ী উপাচার্যের ক্যাম্পাসে সার্বক্ষণিক উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তিনি তা মানছেন না। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ১ জুন থেকে পরবর্তী ৩৩৩ দিনের মধ্যে তিনি কুড়িগ্রাম ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মাত্র ৪২ দিন। ঢাকার গেস্ট হাউজকে তিনি কার্যত মূল দপ্তর বানিয়ে দূর থেকে ক্যাম্পাস চালাচ্ছেন এবং যথেচ্ছভাবে সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করছেন। এ ছাড়া ফিজিবিলিটি স্টাডির প্রায় ৫ কোটি টাকার প্রকল্পে নয়ছয়, কেনাকাটায় পছন্দের বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নমানের সরঞ্জাম সরবরাহ এবং ভর্তি পরীক্ষার সিংহভাগ অর্থ আত্মসাতের মতো গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রওশন আরা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে। ভিসি যে স্বজনপ্রীতি ও অনিয়ম করেছেন, তা সুস্পষ্ট দুর্নীতি। সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। কোনো দুর্নীতিবাজ ব্যক্তির জন্য পুরো শিক্ষাব্যবস্থা ও সরকার কলঙ্কিত হতে পারে না।’
রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘একটি পিছিয়ে পড়া জেলার উন্নয়নের জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে স্থানীয় যোগ্যদের বঞ্চিত করে ভিসি নিজের পরিবার ও আত্মীয়দের পুনর্বাসন করবেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় পরিচয়ের অপব্যবহার বরদাশত করব না।’
অভিযোগ প্রসঙ্গে উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বাণিজ্যের অভিযোগ সত্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু রাখার স্বার্থে সম্পূর্ণ সাময়িক ভিত্তিতে যোগ্য ও অভিজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির পর উন্মুক্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমেই স্থায়ী জনবল চূড়ান্ত করা হবে।’
এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান