ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৩:২০

ঝিনাইদহে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত দৃষ্টিনন্দন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, এমপি। এ সময় সার বিতরণ ও ডিলার নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, তা সে যে পর্যায়েরই হোক না কেন।’

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে পিটিআই প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ আধুনিক ভবনের উদ্বোধন করেন। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করে। নবনির্মিত এ ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, কনফারেন্স রুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা হয়েছে, যা জেলার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মান বহুগুণ বাড়িয়ে দেবে।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ, যোগ্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক তৈরির বিকল্প নেই। এ নতুন অবকাঠামো শিক্ষক প্রশিক্ষণের পরিবেশকে সমৃদ্ধ করবে এবং এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষকেরা ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক মানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তরা তাঁদের ন্যায্য পাওনা পাবেন। পুরো নিয়োগ ও বিতরণপ্রক্রিয়া প্রচলিত আইনি কাঠামোর মধ্যে শতভাগ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। বিরোধী দলের রাজনৈতিক সমালোচনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের ইতিবাচক সব উদ্যোগের অন্ধ বিরোধিতা করা।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, এই নির্বাচনে কোনো আইনগত জটিলতা বা বাধা নেই। এমপিওভুক্ত শিক্ষকেরা অতীতে যেভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারতেন, বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা অব্যাহত থাকবে। সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে তিনি দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশা কিংবা আইনি কাঠামোর পরিপন্থী কোনো কাজ করেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখানে আইনের ঊর্ধ্বে কেউই বিবেচিত হবেন না।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিটিআইয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার