ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:৭

সংসারের চাকা সচল রাখতে ও দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিনের মতো বাস নিয়ে সড়কে নেমেছিলেন মো. সোহেল রানা (৪০)। তাঁর আয়ের ওপরই পুরোপুরি নির্ভর করত পুরো পরিবারের জীবন-জীবিকা। কিন্তু নাটোরের বড়াইগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই তছনছ করে দিল সব স্বপ্ন। দুই শিক্ষার্থী সন্তানকে অনিশ্চয়তার মুখে ফেলে চিরবিদায় নিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় আরপি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে ছিলেন বাসচালক সোহেল রানা। তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী-ফরাদপুর গ্রামের বাড়িতে নেমে আসে শোকের মাতম। স্বজন হারানোর তীব্র কান্নার পাশাপাশি পরিবারটিতে এখন ভর করেছে দুই সন্তানের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল রানার বাবা মো. আব্দুল হাকিম বয়োবৃদ্ধ। সোহেলই বাস চালিয়ে পরিবারের সব ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতেন। তাঁর ১৬ বছর বয়সী ছেলে মেহেদী প্রেমতলী সুখবাসিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। অন্যদিকে ১৮ বছর বয়সী মেয়ে মিম প্রেমতলী কলেজ থেকে সম্প্রতি এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে বাবাকে হারিয়ে দুই ভাইবোন এখন শোকে স্তব্ধ। পরিবারের আয়ের একমাত্র পথটি আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় তাদের পড়াশোনা চালিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ গড়া নিয়ে চরম উদ্বেগে পড়েছেন স্বজনেরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বড়াইগ্রামের সরকারপাড়া এলাকায় বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানই দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নয়জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনসহ মোট ১৪ জনের প্রাণহানি ঘটে। আহত হন অন্তত ২৫ জন।

একটি সড়ক দুর্ঘটনা কীভাবে একটি পরিবারকে এক লহমায় পথে বসিয়ে দেয়, সোহেল রানার পরিবার তারই করুণ দৃষ্টান্ত। স্বজন হারানোর ক্ষত বুকে চেপে বাবার স্বপ্নপূরণে জীবনের এই কঠিন বাস্তবতা পাড়ি দেওয়াই এখন শোকাহত পরিবারটির জন্য সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন

শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার

উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান

বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

ডামুড্যায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি কতৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত