চাঁপাইনবাবগঞ্জে সালিসের নামে যুবককে তুলে নিয়ে সাবেক ইউপি সদস্যের মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবার অভিযোগের পর সালিসের নামে এক যুবককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে হাত বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকের নাম মো. বাবু আলী (২৫)। তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের কেতাবুল আলীর ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি। বর্তমানে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থো-সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
ভুক্তভোগী ও তাঁর পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকায় কাজে যাওয়াকে কেন্দ্র করে বাবু আলীর সঙ্গে তাঁর বাবা কেতাবুল আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘরে তালা দিয়ে বাবুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন তাঁর বাবা। পরে ঘরের চাবি চাওয়া নিয়ে উভয়ের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি হলে সন্ধ্যায় বাবা কেতাবুল আলী স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে মনি মেম্বারের কাছে অভিযোগ দেন।
আহত বাবুর পরিবারের অভিযোগ, অভিযোগ পাওয়ার পর মনি মেম্বার তাঁর দুই ছেলে আশিক ও সাব্বিরকে পাঠিয়ে বিচার করার কথা বলে বাবুকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিজ বাড়ির সামনে নিয়ে যান। বাবুর মা নাসিমা বেগম অভিযোগ করে বলেন, মনি মেম্বার নিজে বাবুর দুই হাত পেছনে বেঁধে দেন এবং তাঁর দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে বাবুর মুখ, বুক, হাত ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাবুর বোন নাসরিন খাতুন বলেন, বাবার সঙ্গে ভাইয়ের সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু সাবেক ইউপি সদস্য বিচার করার নামে ডেকে নিয়ে গিয়ে এভাবে অমানবিক নির্যাতন চালাবেন তা কল্পনাও করা যায় না। ভাই এখন ঠিকমতো কথা বলতে ও নড়াচড়া করতে পারছেন না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ঝিলিম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনিরুল ইসলাম মনি মেম্বার বলেন, বাবা কেতাবুল আলী অভিযোগ দেওয়ার পর বাবু তাঁর বাড়ির সামনে আসে। সেখানেও সে বাবার সঙ্গে তর্কে জড়ায় এবং একপর্যায়ে বাবার গায়ে হাত তোলে। তখন তাঁর ছেলেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়। ঝগড়া থামাতে গিয়ে কিছুটা ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, ঘটনাটির বিষয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা