রেঞ্জারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
বান্দরবানের আলীকদমে বৈধ ‘জোত পারমিট’-এর আড়ালে সরকারি ও সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে পাচারের অভিনব কৌশলের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। তবে এ বিশেষ অভিযানে স্থানীয় বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমানের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতা ও রহস্যজনক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) গভীর রাতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলারঝিরি এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, কলারঝিরি এলাকায় পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ কাঠ মজুত করার গোপন সংবাদ পেয়ে গভীর রাতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে স্তূপ করে রাখা ১০১ দশমিক ১২ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৯২০ টাকা।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তৈন রেঞ্জ কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সরকারি ও সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুনসহ মূল্যবান গাছ কেটে আসছে। পরবর্তীতে ব্যক্তিগত জমির বৈধ ‘জোত পারমিট’ জালিয়াতি কিংবা অন্য কাগজের আড়ালে তা দেশের বিভিন্ন স্থানে পাচার করে দেওয়া হয়। এরই অংশ হিসেবে কলারঝিরি এলাকায় কাঠগুলো রাতের আঁধারে জড়ো করা হয়েছিল।
অভিযান চলাকালে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বন বিভাগের সংশ্লিষ্ট তৈন রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমানের উপস্থিতি ও সহযোগিতা চাওয়া হলেও তিনি অভিযানে অংশ নেননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন রহস্যজনক আচরণে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, তৈন রেঞ্জ কার্যালয়ের সম্মুখ সড়ক ব্যবহার করেই কাঠগুলো পার্শ্ববর্তী লামা উপজেলার বিভিন্ন ডিপোতে নেওয়ার ছক ছিল পাচারকারীদের। সেখানে সুবিধা অনুযায়ী ভুয়া কাগজপত্র জুড়ে দিয়ে কাঠগুলো বাজারে বৈধ করার সক্রিয় সিন্ডিকেট রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জব্দকৃত কাঠের মালিক হিসেবে স্থানীয় কাঠ ব্যবসায়ী ওমর ফারুক বেচুর নাম উঠে এসেছে। তবে যোগাযোগ করা হলে তিনি কাঠের মালিকানার বিষয়টি অস্বীকার করেন।
এদিকে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে এভাবে গাছ উজাড় সম্ভব নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল। বিজিবির মতো অন্যান্য বাহিনীর পাশাপাশি বন বিভাগের মাঠপর্যায়ের সততা নিশ্চিত না হলে প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলে তাঁরা মনে করছেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, জব্দ করা কাঠ আইনানুগ প্রক্রিয়ায় বন বিভাগের কাছে হস্তান্তরসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তৈন রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাঁর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক বনপ্রহরী জানান, গণমাধ্যমে অনিয়ম ও দুর্নীতির ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় রেঞ্জ কর্মকর্তা সাংবাদিকদের ফোন রিসিভ করা থেকে বিরত রয়েছেন।
এমএসএম / এমএসএম
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ
পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি
আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
তৃণমূলের রাজনীতি থেকে মগনামার নেতৃত্বের স্বপ্ন নুরুল ইসলামের
কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত