ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৬ বিকাল ৭:৩৪

‎কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) লবণ মাঠ বরাদ্দের আবেদন ফরম বিক্রি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। প্রতিটি ফরমের নির্ধারিত মূল্য ১০০ টাকা হলেও অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ফরম কিনতে ১৫০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন লবণচাষি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিসিকের কেন্দ্রপ্রধান জাকির হোছাইন।
‎লবণচাষিদের অভিযোগ, নিজের এনআইডি ব্যবহার করে ফরম কিনলে ১০০ টাকা দিতে হচ্ছে। কিন্তু অন্যের এনআইডি ব্যবহার করে ফরম কিনতে গেলে নেওয়া হচ্ছে ১৫০ টাকা। অতিরিক্ত ৫০ টাকা আদায়ের কোনো লিখিত বিধান রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর থেকে লবণ মাঠ বরাদ্দের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। ২৪ অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।
‎সরেজমিনে বিসিক কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন লবণচাষি একাধিক এনআইডি ব্যবহার করে নিজের জন্য ফরম কিনছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লবণ মৌসুম চলায় চাষিরা ব্যস্ত থাকেন। তাই প্রান্তিক চাষিদের সুবিধার্থে এনআইডি দিয়ে পরিচিত কাউকে পাঠালে ফরম দেওয়া হচ্ছে। তবে একজন চাষি একটি এনআইডি দিয়ে একটি ফরম কিনতে পারবেন বলে জানান তাঁরা।
‎কয়েকজন লবণচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অনেকে নিজের ও আত্মীয়স্বজনের এনআইডি ব্যবহার করে দুই থেকে পাঁচটি পর্যন্ত ফরম কিনেছেন। অনেকেই আরো বেশি কিনেছেন।  তাঁদের ধারণা, কয়েক হাজার ফরম বিক্রি হলেও প্রকৃত লবণচাষির সংখ্যা তুলনামূলক কম হতে পারে। কেউ কেউ লটারির মাধ্যমে প্লট বরাদ্দ পাওয়ার পর চড়া দামে অন্যের কাছে বর্গা দেন বলেও অভিযোগ রয়েছে।
‎জানা যায়, বিসিকের লবণ মাঠে মোট ৬৮টি প্লট রয়েছে। প্রতিটি প্লটের আয়তন ১ একর ২০ শতক। গত দুই মৌসুমে লিজসংক্রান্ত আইনি জটিলতায় মাঠ বরাদ্দ বন্ধ থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎এদিকে, বিসিক কার্যালয়ের অবকাঠামো নিয়েও অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, কার্যালয়টি জরাজীর্ণ। বর্ষাকালে এলাকাটি পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। শুষ্ক মৌসুমেও সেখানে যাতায়াত সহজ নয় বলে জানিয়েছেন তাঁরা।

‎লবণচাষিদের দাবি, ফরম বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি লবণ মাঠ বরাদ্দে সুষ্ঠু ও নিরপেক্ষ লটারি নিশ্চিত করতে হবে। বিসিক কার্যালয়ের অবকাঠামো সংস্কার এবং বর্ষাকালে যাতায়াতের উপযুক্ত ব্যবস্থারও দাবি জানিয়েছেন তাঁরা।
কুতুবদিয়া বিসিকের কেন্দ্র প্রধ জাকির হোছাইন বলেন, “লবণ মাঠ বরাদ্দের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে। এ ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।”
‎প্রান্তিক লবণচাষিদের স্বার্থ রক্ষা এবং সরকারি রাজস্ব নিশ্চিত করতে ফরম বিক্রি থেকে শুরু করে প্লট বরাদ্দ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Aminur / Aminur

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১