কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রাম অঞ্চলে বন বিভাগে পদায়ন ও বদলিকে কেন্দ্র করে লাখ লাখ টাকার আর্থিক লেনদেন ও বদলি বাণিজ্যের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। চট্টগ্রাম অঞ্চলের উপবন সংরক্ষক ও উপকূলীয় বন বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম এ হাসানের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের অর্থ লেনদেনের এ তথ্য সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক রদবদলের সুযোগে সুবিধাজনক পদে বসে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে বন বিভাগের পদায়ন ও বদলি নিয়ন্ত্রণ করছেন এই কর্মকর্তা। সম্প্রতি চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের একটি আকর্ষণীয় রেঞ্জে পদায়নের জন্য এক রেঞ্জ কর্মকর্তার সঙ্গে তাঁর ছয় লাখ টাকার রফা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই চুক্তির প্রাথমিক কিস্তি হিসেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এম এ হাসানের নামে এক লাখ টাকা পাঠানো হয়।
এ সংক্রান্ত এসএ পরিবহনের একটি মানি পার্সেল বুকিং রশিদের কপি গণমাধ্যমের হাতে এসেছে। রশিদটিতে প্রাপক হিসেবে ডিএফও এম এ হাসানের নাম ও ব্যক্তিগত মোবাইল নম্বর এবং বুকিংয়ের পরিমাণ হিসেবে এক লাখ টাকা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও রশিদটির সত্যতা ও লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছে।
উপকূলীয় বন বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংকিং চ্যানেলে লেনদেন করলে ডিজিটাল প্রমাণ থেকে যায় বিধায় আইনি জটিলতা এড়াতে কুরিয়ার সার্ভিস কিংবা তৃতীয় পক্ষকে ব্যবহার করে অর্থ লেনদেন করা বন বিভাগের একটি পুরোনো কৌশলে পরিণত হয়েছে। কেবল বদলি বাণিজ্যই নয়, বিভিন্ন সামাজিক বনায়ন ও বাগান সৃজন প্রকল্পের বরাদ্দের কমিশন লেনদেনেও এমন মাধ্যম ব্যবহার করা হয়। এক রেঞ্জ কর্মকর্তার দাবি, এম এ হাসান চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের (সিএফ) অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে প্রভাব খাটিয়ে পুরো অঞ্চলের কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছেন।
তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে উপবন সংরক্ষক এম এ হাসান বলেন, ‘যিনি অর্থ পাঠিয়েছেন বা ঘুষ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে, আপনারা তাঁর সঙ্গে কথা বলুন। কবে, কখন, কোন পোস্টের জন্য টাকা দেওয়া হয়েছে তা উদঘাটন করুন। আমি চাই আপনারা ঘটনার প্রকৃত সত্য তুলে ধরুন।’ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর তথ্য ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তিনি অধীনস্থ কয়েকজন রেঞ্জ কর্মকর্তাকে তলব করেছেন বলে বিভাগীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনে কর্মরত থাকাকালীন এম এ হাসান তাঁর অধীনে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের সিন্ডিকেট বা অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে যদি সত্যতা পাওয়া যায়, তবে বিধি মোতাবেক প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস