ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ২:১০

কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মানিক পশারী মৃত্যুবরণ করেন। তিনি গত দুই মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি যশোর ও গোপালগঞ্জে আত্মগোপনে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হলে জেলা জামায়াতের নেতাকর্মী ও স্থানীয়দের ক্ষোভ ও তোপের মুখে পড়েন স্বজনেরা। তাৎক্ষণিকভাবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মরদেহটি পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যায়। সেখানে বিকেল ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয় এবং পুলিশ লাইনসেই মরদেহ কঠোর পাহারায় রাখা হয়।

পরবর্তীতে সদর থানা পুলিশ স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গভীর রাতে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিতিতে মরদেহ মানিক পশারীর গ্রামের বাড়িতে নিয়ে যায়। রাত ২টার দিকে স্ত্রী-সন্তান ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে দাফন কাজ শেষ হয়।

মানিক পশারীর বোন মোছাম্মৎ রিনা আক্তার জানান, ভাইয়ের মৃত্যুর পর মরদেহ নিয়ে এলাকায় আসার পর পরিস্থিতি জটিল হয়ে পড়ায় তাঁরা চরম বিপাকে পড়েছিলেন। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে নিজ বাড়িতে কবর খুঁড়ে দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারীর লাশ দাফনে জামায়াতে ইসলামী কিংবা এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়নি। জামায়াতে ইসলামী মরদেহের রাজনীতিতে বিশ্বাস করে না। লাশ সুষ্ঠুভাবে দাফন সম্পন্ন করতে সদর থানা পুলিশকে পুরোপুরি সহযোগিতা করা হয়েছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কবরস্থান ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন