উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না
ছোটবেলায় বাবা-মা আদর করে নাম রেখেছিলেন স্বপন। সেই পরিচয়ে বিদ্যালয়ে ভর্তি হয়ে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়াও করেছিলেন। তবে প্রকৃতির অমোঘ নিয়মে শারীরিক পরিবর্তনের সাথে সাথে জীবনের বাঁক বদলে যায় তাঁর। সমাজের পদে পদে অবহেলা, কটূক্তি আর উপহাস পেছনে ফেলে নিজের আত্মমর্যাদা রক্ষার তাগিদে স্বপন থেকে আজ তিনি রূপান্তরিত হয়েছেন স্বপ্নাতে। জীবিকার তাগিদে অন্যের কাছে হাত পাতার গ্লানি মুছে মাত্র দুটি ছাগল দিয়ে শুরু করা খামারই আজ তাঁর আয়ের মূল চালিকাশক্তি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া এলাকায় রেলওয়ের জমিতে বসবাসকারী ২৩ বছর বয়সী স্বপ্না প্রমাণ করেছেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব বাধা অতিক্রম করে মাথা উঁচু করে বাঁচা সম্ভব।
পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর বাবা রফিকুল ইসলাম ও মা নুরজাহান বেগমের সংসারে চরম আর্থিক অনটনের মধ্যেই বেড়ে ওঠেন স্বপ্না। নিজস্ব কোনো জমিজমা না থাকায় সরকারি জায়গাতেই পরিবার নিয়ে কোনোমতে দিনযাপন করছেন তাঁরা। একসময় জীবিকার তাগিদে বাধ্য হয়ে রাস্তায় নেমে অন্যের কাছে সাহায্য চাইতে হতো স্বপ্নাকে। সেখানে প্রতিনিয়ত নেতিবাচক মন্তব্য ও মানসিক নিপীড়নের শিকার হতে হতো তাঁকে। অন্যের করুণা ও কটূক্তির জীবন থেকে মুক্তি পেতে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প করেন তিনি।
প্রতিবেশীকে ছাগল পালন করতে দেখে অনুপ্রাণিত হয়ে স্বপ্না তাঁর পরিবারকে উদ্যোগের কথা জানান। স্বপ্নার আগ্রহ দেখে তাঁর বাবা ধারদেনা করে ২৭ হাজার টাকা দিয়ে দুটি ছাগল কিনে দেন। সেই দুটি ছাগল থেকেই গড়ে ওঠে তাঁর লালিত স্বপ্নের খামার। শুরুতে সফলতার মুখ দেখে ছাগলের সংখ্যা ১২টিতে উন্নীত করলেও একপর্যায়ে প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে একে একে বেশ কয়েকটি ছাগল মারা যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন স্বপ্না। তবে লোকসানের ধাক্কায় ভেঙে না পড়ে পুনরায় ঘুরে দাঁড়ান তিনি।
বর্তমানে স্বপ্নার খামারে উন্নত জাতের ১৮টি ছাগল রয়েছে। এর মধ্যে তোতাপুরি, হরিয়ানা, বিটল, যমুনাপাড়ি ও দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিশেষভাবে উল্লেখযোগ্য। খামারে থাকা একেকটি ছাগলের বর্তমান বাজারমূল্য এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। খামারের পাঠা প্রজনন সেবা দিয়ে স্বপ্না প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করছেন। এর পাশাপাশি বছর শেষে মোটাতাজা করা ছাগল বিক্রি করেও মিলছে মোটা অঙ্কের অর্থ। গত বছর চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে ১০টি উন্নত জাতের ছাগল বিক্রি করে তিনি এককালীন ৭ লাখ ১০ হাজার টাকা আয় করেন।
নিজের স্বাবলম্বী হওয়ার অনুভূতি প্রকাশ করে স্বপ্না বলেন, ‘জীবিকার জন্য সমাজে আর কারও কাছে হাত পাততে চাই না। এই খামার থেকেই এখন আমার পরিবার ও সংসার ভালোভাবে চলছে। অনেক প্রতিকূলতা ও রোগবালাইয়ে ছাগল মরে লোকসান হলেও আমি হাল ছাড়িনি। আমার স্বপ্ন খামারটিকে একটি আধুনিক ও বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ দেওয়া। সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহায়তা ও কারিগরি প্রশিক্ষণ পেলে খামারটি আরও বড় করতে পারব, যা আমার সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত হবে।’
সমাজের নানা প্রতিকূলতা আর বৈষম্য জয় করে স্বপ্নার এই আত্মনির্ভরশীল হওয়ার প্রয়াস স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে স্বপ্নার মতো উদ্যমীরা সমাজে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এমএসএম / এমএসএম
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা