ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৩:১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি সিমেন্টের খুঁটি ও প্রায় ৭৫০ ফুট কাঁটাতার ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারের চেষ্টার অভিযোগ তদন্ত শুরু করেছে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর। তদন্ত চলাকালে অভিযুক্ত সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানার তাৎক্ষণিক অপসারণ ও শাস্তির দাবিতে প্রকল্প কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে নিমগাছী মৎস্যচাষ প্রকল্প কার্যালয়ে বিভাগীয় তদন্ত কমিটি সরেজমিন তদন্ত ও গণশুনানি পরিচালনা করে। কমিটির আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সদস্যসচিব রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম আক্তার এবং সদস্য পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল উপস্থিত থেকে সাক্ষ্য ও নথিপত্র গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের সময় সরকারি বরাদ্দে তৈরি ৬৫টি সিমেন্টের খুঁটি ও তিন বান্ডিল কাঁটাতার একটি ট্রাকে বোঝাই করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটকে দেন। পরবর্তীতে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া মালামালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে নেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে শুনানি চলাকালে অভিযুক্ত কর্মকর্তা মো. মাসুদ রানাকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষে বসিয়ে রাখা নিয়ে বাইরে উপস্থিত স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রকল্প চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল ইসলাম বাবু, সহসভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীর গুন লিটন এবং ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া।

বক্তারা অভিযোগ করেন, মো. মাসুদ রানা নিজেকে ‘ওয়ান ম্যান আর্মি’ দাবি করে সরকারি এ প্রকল্পে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি সরকারি সম্পদ গোপনে অন্যত্র পাচারের চেষ্টার পাশাপাশি প্রকল্পের মূল্যবান গাছ কেটে আসবাবপত্র বানিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন এবং হ্যাচারিতে উৎপাদিত মাছের রেণু বিক্রির বিপুল অর্থ নয়ছয় করেছেন। প্রকল্পের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাঁরা অবিলম্বে এ কর্মকর্তাকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানা দাবি করেন, উদ্ধার হওয়া খুঁটি ও তার তিনি ব্যক্তিগত অর্থ দিয়ে তৈরি করেছিলেন। তবে সরকারি প্রকল্প চত্বরে ব্যক্তিগত মালামাল রাখার বা তা তৈরির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

তদন্ত কমিটির সদস্যরা জানান, উদ্ধারকৃত মালামাল সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত অর্থায়নে প্রস্তুত, তা সংশ্লিষ্ট সরকারি খতিয়ান ও বিল-ভাউচার যাচাই করে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে। এছাড়া তাঁর বিরুদ্ধে ওঠা গাছ কাটা ও রেণু বিক্রির আর্থিক অনিয়মের বিষয়গুলোও গুরুত্বসহকারে তদন্তের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং প্রমাণ মিললে বিভাগীয় বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন