ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৪:৫৭

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদের দুই পাড় থেকে মাঝনদী পর্যন্ত বাঁশ ও জাল ফেলে অবাধে অবৈধ মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা সংকটের পাশাপাশি চরমভাবে বিঘ্নিত হচ্ছে নৌযান চলাচল। উন্মুক্ত নদে অবাধে মাছ শিকার করতে গিয়ে স্থানীয় দরিদ্র জেলেরা প্রভাবশালী ঘেরমালিকদের বাধার মুখে পড়ছেন এবং ক্ষেত্রবিশেষে মারধরের শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে নদীকে ঘেরমুক্ত করে নৌ চলাচল স্বাভাবিক করা এবং জেলেদের জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খালিয়াজুরীর লেপসিয়া বাজার থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট পর্যন্ত ধনু নদের দীর্ঘ এলাকাজুড়ে বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ ঘের বসানো হয়েছে। প্রতিবছর বর্ষার শেষে হাওরের পানি নামতে শুরু করলেই একশ্রেণির সুবিধাবাদী ব্যক্তি নদ দখল করে ঘের তৈরির প্রতিযোগিতায় নামেন। ধনু নদ দিয়ে নিয়মিত বাল্কহেড, কার্গো ও পণ্যবাহী নৌযান চলাচল করায় মাঝনদী পর্যন্ত বিস্তৃত এসব বাঁশের বেড়া মারাত্মক নৌ দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

আসদপুর গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল অভিযোগ করেন, ধনু নদে নির্বিচারে মাছের ঘের তৈরি করায় পরিবেশ ও নাব্যতা বিপন্ন হচ্ছে। এমনকি লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির নাকের ডগায় দিনের আলোতেই ঘের তৈরি করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নৌপথে চলাচলকারী এমভি সৌরভের সারেং মো. সুলাইমান সওদাগর বলেন, নদীর দুই তীর থেকে ঘেরের বেড়া এত দূর পর্যন্ত বিস্তৃত যে বড় নৌযান চালাতে গিয়ে প্রতিনিয়ত বাধার মুখে পড়তে হচ্ছে।

এদিকে নুরালীপুর গ্রামের জেলে রহিছ, রাকিব ও জিলকদ মিয়াসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, নদীতে মাছ শিকার করাই তাঁদের একমাত্র পেশা। বর্ষাকালে হাওর ইজারাদারদের দৌরাত্ম্যে মাছ ধরতে পারেননি, আর এখন পানি কমার পর উন্মুক্ত নদীতে নামলেও ঘেরমালিকরা তাঁদের তাড়িয়ে দিচ্ছেন এবং মারধর করছেন। স্থানীয় জেলেদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতার পালাবদলের সুযোগে স্থানীয় প্রভাবশালীরা নদীতে একক আধিপত্য কায়েম করে দরিদ্র জেলেদের জীবিকা কেড়ে নিচ্ছেন।

অনুমতি ছাড়াই ঘের দেওয়ার কথা অকপটে স্বীকার করে আসদপুর গ্রামের হোসেন মিয়া জানান, বাড়ির সামনে নদী থাকায় তিনি নিজের ইচ্ছাতেই প্রতিবছর ঘের তৈরি করেন। নৌ চলাচলে বিঘ্ন ঘটার প্রসঙ্গে তিনি বলেন, অন্য সবাই দেয় বলেই তিনিও দিয়েছেন। এছাড়া কাউকে টাকা দিতে হয় কি না জানতে চাইলে তিনি দাবি করেন, মাছ ধরার সময় নৌ-পুলিশের সদস্যরা এলে তাঁদের মাছ দিয়ে দেওয়া হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নদ-নদী বা উন্মুক্ত জলাশয়ে আড়াআড়ি বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের দাবি, নদীর নাব্যতা রক্ষা ও সাধারণ জেলেদের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হোক।

অভিযোগ প্রসঙ্গে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি চৌধুরী জানান, দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি, তবে শিগগিরই এসব অবৈধ ঘেরের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে। নৌ-পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি মন্তব্য করেন, এ সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু থাকলে তা গণমাধ্যমে তুলে ধরা যেতে পারে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে লিখিতভাবে না জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নজরে এসেছে। ঘের তৈরির স্থানগুলো কোনো জলমহালের আওতায় পড়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। লেপসিয়া থেকে পাঁচহাট পর্যন্ত স্থাপিত অবৈধ ঘেরগুলো শনাক্ত করে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন