ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জমি বিক্রি করে সর্বস্বান্ত ইমাম

কচাকাটা ডিগ্রি কলেজে ৪ পদে নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্য ও প্রশ্নফাঁসের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৪:১৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি মহাবিদ্যালয়ে চারটি শূন্য পদে নিয়োগকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস, লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য ও চরম অনিয়মের অভিযোগ উঠেছে। চাকরি পাওয়ার আশায় জমি বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে ২০ লাখ টাকা চুক্তি করেও নিয়োগ না পেয়ে সর্বস্বান্ত হয়েছেন এক অসহায় মসজিদের ইমাম। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জুয়েল ও পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভাপতি ডা. মো. ইউনুস আলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের তীব্র অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ল্যাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ মোট চারটি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৪ অক্টোবর শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, প্রতিটি পদের বিপরীতে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন হয়েছে। পরীক্ষা গ্রহণের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে ফলাফল প্রকাশ না করায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে ল্যাব সহকারী পদে আবেদনকারী সেলিনা আক্তারের নিয়োগকে কেন্দ্র করে। তাঁর বাবা কৃষক ও স্থানীয় মসজিদের ইমাম পনির উদ্দিন জানান, মেয়ের চাকরির নিশ্চয়তা পেয়ে দুই মাস আগে জমি বিক্রি এবং সুদে টাকা ধার করে কলেজের এক কর্মচারীর মাধ্যমে অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের হাতে অগ্রিম ১৭ লাখ টাকা তুলে দেন। কথা ছিল নিয়োগপত্র পাওয়ার পর বাকি ৩ লাখ টাকা পরিশোধ করা হবে। কিন্তু পরবর্তীতে সেলিনাকে বাদ দিয়ে ২৫ লাখ টাকার বিনিময়ে মো. রোকনুজ্জামান নামের অন্য এক প্রার্থীকে মনোনীত করা হয় বলে অভিযোগ করেন পনির উদ্দিন। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার নিট আর্থিক ক্ষতি হয়েছে এবং পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে।

নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, পরীক্ষার আগেই বিশেষ প্রার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছিল। তবে বিষয়টি জানাজানি হয়ে পড়ার আশঙ্কায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নতুন প্রশ্নপত্র তৈরি করা হয়। এ সংক্রান্ত অর্থ লেনদেন ও কথোপকথনের একাধিক অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।

পরীক্ষা সম্পন্নের পর দীর্ঘ সময়েও ফল প্রকাশ না হওয়ার নেপথ্য কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে অধ্যক্ষের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা এক গোপন বৈঠকে মিলিত হয়ে ফলাফল চূড়ান্ত করার চেষ্টা করেন।

অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জুয়েলের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মো. ইউনুস আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না, আমাকে এ ব্যাপারে আর ফোন দেবেন না’ বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে নিয়োগ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মন্ডল দাবি করেন, পরীক্ষা স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কোনো দুর্নীতির সুযোগ ছিল না।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে নিয়োগ বাণিজ্যের নামে প্রহসন অবিলম্বে বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃপরীক্ষা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে প্রতারণার শিকার পরিবারটির আর্থিক ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ইমাম পনির উদ্দিন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি

রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

চলনবিল জীববৈচিত্র্য ও প্রকৃতি ফোরামের কমিটি গঠন