ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:২৯

কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মোজাম্মেল হকের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মানসিক নির্যাতন, বদলি বাণিজ্য, অনৈতিক সুবিধা গ্রহণ এবং পরিত্যক্ত কোয়ার্টারের জন্য জোরপূর্বক দুই বছরের বেতন-ভাতা কর্তনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুন কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান উপপরিচালক মোজাম্মেল হক। সেখানে তিনি ওই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহিনা খাতুন ও প্রতিমা রানী সরকারকে মেডিকেল অফিসারের কক্ষে ডেকে নিয়ে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে বসবাস না করার অজুহাতে তাঁদের বেতন থেকে বাসাভাড়া কেটে নেওয়ার ভয়ভীতি ও হুমকি দেন।

ভুক্তভোগী পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রতিমা রানী সরকার অভিযোগ করে বলেন, অফিস কক্ষে ডেকে নিয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং স্বামী, সন্তান এমনকি সিঁদুরের কসম দিয়ে মানসিক নির্যাতন চালানো হয়। আরেক পরিদর্শিকা শাহিনা খাতুন জানান, উপপরিচালক নিজ হাতে একটি স্বীকারোক্তিমূলক খসড়া লিখে দিয়ে তাঁদের বাধ্য করেন তা হুবহু লিখে সই দিতে। পরে চার সদস্যের একটি কমিটির সিদ্ধান্তের কথা বলে তাঁদের ওই ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত বাসায় বসবাসের জন্য চাপ সৃষ্টি করা হয়। যদিও কর্মীরা বারবার বাসাটি মেরামতের মাধ্যমে বসবাসের উপযোগী করার অনুরোধ জানিয়ে আসছিলেন।

পরবর্তীতে উপপরিচালক মোজাম্মেল হক রংপুর বিভাগীয় পরিচালককে প্রভাবিত করে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দীর্ঘ দুই বছরের বকেয়া বাসাভাড়া ও বিদ্যুৎ বিল তাঁদের বেতন থেকে কর্তনের নোটিশ জারি করান। অথচ ২০২৩ সালেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী নাজমুল হক এবং কুড়িগ্রামের তৎকালীন উপপরিচালক মোদাব্বের হোসেন যৌথভাবে স্বাক্ষর করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অফিসার্স কোয়ার্টার ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কোয়ার্টারটি 'বসবাসের সম্পূর্ণ অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে আনুষ্ঠানিক প্রত্যয়নপত্র দিয়েছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, কুড়িগ্রামে যোগদানের পর থেকেই উপপরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে ব্যাপক বদলি বাণিজ্য ও হয়রানির অভিযোগ রয়েছে। মাঠপর্যায়ে তদারকির নামে তিনি বিভিন্ন উপজেলায় গিয়ে অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও ভীতি প্রদর্শন করে দেশি মুরগি, মাছ ও গরুর দুধসহ বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করতেন। কোনো কর্মী তাঁর অন্যায় আবদার মানতে অপারগতা প্রকাশ করলে তাঁকে প্রত্যন্ত অঞ্চলে শাস্তিমূলক বদলি করা হতো। পরবর্তীতে মোটা অঙ্কের আর্থিক সুবিধা বা উপঢৌকনের বিনিময়ে সুবিধাজনক স্থানে বদলি পুনর্বিবেচনা করা হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবার কল্যাণ পরিদর্শক জানান, উপপরিচালক অফিস সময়ের তোয়াক্কা না করে প্রায়ই রাতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন। কেউ তাঁর কথার অবাধ্য হলে তাঁকে জেলার বাইরে বদলি কিংবা বিভাগীয় মামলার ভয় দেখান। তিনি প্রকাশ্যে দম্ভভরে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ব্যাচমেট ও বন্ধু হওয়ায় কেউই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না।

এ ছাড়া আরও অভিযোগ রয়েছে, অফিসে বিধিমোতাবেক উচ্চপদস্থ ও নিয়মিত কর্মচারী থাকা সত্ত্বেও উপপরিচালক তাঁর নিজস্ব প্রশাসনিক ও সংবেদনশীল ফাইল, চারটি উপজেলার কর্মচারীদের ব্যক্তিগত নথি এবং গুরুত্বপূর্ণ ফাইল পরিচালনার দায়িত্ব দিয়েছেন প্রেষণে কর্মরত পরিসংখ্যান সহকারী মো. মাহবুবার রহমানের (মীম) ওপর। পরিসংখ্যানের কাজের জন্য আনা হলেও তাঁকে দিয়ে প্রশাসনিক আধিপত্য ও তদবির চালানো হচ্ছে। অন্যদিকে মূল পদে নিয়মিত দুই কর্মকর্তা পদায়ন পেয়েও দায়িত্ব না পেয়ে বদলি হয়ে যেতে বাধ্য হন। বর্তমানে নাজমুল ইসলাম নামের এক কর্মকর্তা কর্মরত থাকলেও তাঁকেও দায়িত্ব থেকে বঞ্চিত রাখা হয়েছে।

পাশাপাশি কার্যালয়ের সরকারি বিদ্যুৎ ব্যবহার করে অভ্যন্তরীণ রান্নাবান্নার মাধ্যমে বিদ্যুৎ অপচয়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি গাড়ি ব্যবহার নীতিমালার তোয়াক্কা না করে ব্যক্তিগত কাজে রংপুরস্থ নিজ বাসায় নিয়মিত সরকারি গাড়ি যাতায়াত করানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোজাম্মেল হক সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে আনীত অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান

নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে