ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:৩২

শরতের শুভ্র মেঘ এখনো পুরোপুরি বিদায় নেয়নি, এরই মধ্যে প্রকৃতিতে লেগেছে বদলের ছাপ। শীতের আগমনী বার্তা নিয়ে ধীর পায়ে প্রকৃতিতে এসেছে হেমন্ত। দিনভর গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। ধানের পাতা ও ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু বারহাট্টার প্রকৃতিতে এঁকে দিচ্ছে শীতের পদচিহ্ন।

আবহমান বাংলায় ষড় ঋতুর পরিক্রমায় শরতের বিদায়ের পর প্রকৃতিতে এলো হেমন্ত। নতুন ঋতুর আগমনে রূপ বদলায় প্রকৃতি। হেমন্তকে বলা হয় শীতের বাহন। হেমন্তের আগমনে প্রকৃতি সেজেছে এক অপরুপ সাজে। আশ্চর্য ঋতু হেমন্তে প্রকৃতির বিচিত্র রূপের বর্ণনা আর স্তুতিতে মগ্ন হয়েছেন কবি-সাহিত্যিকরা। হেমন্ত প্রেমী কবি জীবনানন্দ দাশের 'নির্জন স্বাক্ষর' কবিতায় হেমন্ত ধরা দিয়েছে। কবির ভাষায়- 'যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে'। তেমনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্তের বন্দনা করে লিখেছেন- 'আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরে- শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার/ রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার/ স্বর্ণশ্যাম ডানা মেলি...।' হেমন্তের আগমনে গ্রামের মেঠোপথে সকালে হাঠলেই পা ভিজে যায় শিশির কণাতে। হেমন্তে পল্লীজীবন ও প্রকৃতির নিখাদ রূপবৈচিত্র্য আভাসিত হয় পল্লী কবি জসীমউদ্দীনের কবিতায়- 'আশ্বিন গেল, কার্তিক মাসে পাকিল খেতের ধান; সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি কোটার গান'। হেমন্তকে চেনা যায় তার 'স্বর্ণশ্যাম' রঙের বিভা এবং ভোরের শিশিরে। কবি সুফিয়া কামালের 'হেমন্ত' কবিতার পঙ্ক্তিতে লিখেছেন- 'সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লিখে/কোন পাথারের ওপার থেকে/আনল ডেকে হেমন্তকে?' প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নেমেছে প্রকৃতিতে এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার গ্রামীণ প্রকৃতি ঘুরে দেখাগেছে, ভোরের ঘন কুয়াশা, রাতের হিমেল হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা হালকা শিশিরবিন্দু জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত। দিনের বেলায় রোদের তেজ অনুভূত হলেও ভোর ও রাতে তাপমাত্রা কমে যাওয়ায় বাতাসে বাড়ছে শীতের আমেজ। আশ্বিনের মন্দমধুর হাওয়া, নদীর তীরে ঢেউ খেলা কাশগুচ্ছ আর সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে শরৎ পেরিয়ে প্রকৃতিতে হেমন্তকাল চলে এসেছে নীরবে। প্রকৃতিতে কুয়াশার আঁচল সরিয়ে শিশির বিন্দু মুক্তো দানার মতো দ্যুতি ছড়াতে শুরু করেছে। গাছে গাছে ফুটেছে শিউলি, কামিনী আর ছাতিম ফুল। ছাতিম, শিউলি আর কামিনীর চিরচেনা মিষ্টি ঘ্রাণ প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের বারতা।

উপজেলা সদরসহ কয়েকটি এলাকার মানুষের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, 'আবহমান বাংলার সবুজ-শ্যামল প্রকৃতিতে আবারও শুরু হয়েছে ঋতুর পালাবদল। ছয়ঋতুর বঙ্গাব্দ বর্ষপঞ্জিতে এখন চলেছে কার্তিক মাস।  এরই মধ্যে কয়েকদিন ধরে ভোরের আলো ফোটার আগেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে বারহাট্টার আশপাশের গ্রামীণ জনপদগুলো। ভোরের হালকা শীত আর ঠাণ্ডা হাওয়া মনে করিয়ে দিচ্ছে, শীত আসতে দেরি নেই। সকালের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশায় প্রকৃতিতে বেজে উঠেছে শীতের আগমনী বার্তা।'

হেমন্তের শুরুতে উপজেলা সদরসহ জেমুরা, সাহতা, বাউসী, চিরাম, সিংধা ও তার আশপাশের এলাকায় শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। শিম, লালশাক, টমেটো, লাউ, ফুলকপি, বাধাঁকপিসহ নানা ধরনের সবজির বীজ বপন শুরু করেছেন কৃষকরা। গ্রামবাংলার সরল-সাদামাটা মানুষেরা বলছেন, অপ্রাপ্তি আর দুঃখ-বেদনা যতই থাকুক, হেমন্ত এলে প্রকৃতির মতোই তাদের জীবনেও নেমে আসে এক শীতলতা, এ যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করে হৃদয়ে।

কথা হয় বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) বাংলা সাহিত্য বিষয়ের সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাসের সাথে তিনি হেমন্তের আগমনী বার্তা দিয়ে বলেন, ষড়ঋতুর বাংলায় হেমন্ত কেবল একটি ঋতু নয়। এটি ফসলের সঙ্গে মানুষের সম্পর্ক, শ্রমের বিনিময়ে প্রাপ্তি আর প্রকৃতির পরিবর্তনের সঙ্গে জীবনের মানিয়ে নেওয়ার গল্প। শহরের মানুষ পাকা ধানের গন্ধ থেকে দূরে থাকলেও প্রতিদিনের খাবারের সঙ্গে জড়িয়ে আছে সেই মাঠ, সেই কৃষকের শ্রম। ঋতুর সৌন্দর্য আমাদের ক্ষণিকের মুগ্ধতায় ভাসায় আর প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক মনে করিয়ে দেয়, আমাদের অস্তিত্বের শিকড় আসলে কোথায়।

উপজেলা সদরের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সংগীত শিল্পী কান্তি রঞ্জন রায় চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন, বাংলার চিরায়ত ছয় ঋতুর মধ্যে হেমন্ত যেন শরত আর শীতের মাঝে এক সেতুবন্ধন। ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য ও অনুভূতিকে তুলে ধরে কবি নজরুলের গানে তুলে ধরেছেন হেমন্তের সৌন্দর্য- 'সবুজ শোভার ঢেউ খেলে যায়/নবীন আমন ধানের ক্ষেতে। হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া/সেই নাচনে উঠলো মেতে।' হেমন্তের অনুভূতি নিয়ে এমন অনেক বিখ্যাত গান এখনও আমরা গেয়ে থাকি।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল