হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার সত্তারঘাট এলাকায় ঐতিহ্যবাহী ভাঞ্জন খাল খনন ও সংস্কারকাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর চরম সমন্বয়হীনতা ও গাফিলতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মিত সেতুর নিচে জমে থাকা মাটি অপসারণ না করায় থমকে গেছে সংস্কারকাজ। ফলে সরকারি অর্থ ও শ্রম ব্যয় হওয়া সত্ত্বেও খালের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পলি ও আবর্জনা জমে ভাঞ্জন খালটি ভরাট হয়ে ছিল। সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খালটি খননের উদ্যোগ নেয়। তবে খননকাজ শুরু হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্মিত সেতুর নিচে থাকা বিপুল পরিমাণ মাটি ও বর্জ্য অপসারণ করা হয়নি। ফলে খালের একাংশ খনন করা হলেও সেতুর নিচে এসে পানি চলাচলের পথ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। দুই দপ্তরের মধ্যে পূর্বসমন্বয় না থাকায় খননের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
উপজেলা বিএডিসি কর্মকর্তা দিপেন চাকমা বলেন, সওজ বিভাগের সেতুর নির্মাণকাজের পর সেতুর নিচের মাটি অপসারণ না করায় খাল খননে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। খালটি নির্ধারিত ৪০ ফুট প্রশস্ততায় খনন করার কথা থাকলেও সেতুর নিচের প্রতিবন্ধকতার কারণে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভাঞ্জন খালের সংস্কারকাজ আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের ভাষ্য, এক দপ্তর খাল কাটবে আর অন্য দপ্তরের ব্রিজের নিচে মাটি জমে পানি আটকে থাকবে—এমন সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ড কোনো কাজে আসবে না। দ্রুত সেতুর নিচের প্রতিবন্ধকতা অপসারণ না করা হলে আগামী বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে সত্তারঘাটসহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল মোমিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। খালের পানিপ্রবাহ নির্বিঘ্ন করতে এবং সেতুর নিচের মাটি দ্রুত অপসারণের লক্ষ্যে তিনি সড়ক ও জনপথ বিভাগ এবং বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা