কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মোজাম্মেল হকের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, বদলি বাণিজ্য, পরিত্যক্ত কোয়ার্টারের নামে জোরপূর্বক বেতন কর্তন, মনগড়া তদন্ত এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুন কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান উপপরিচালক মোজাম্মেল হক। সেখানে তিনি ওই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহিনা খাতুন ও প্রতিমা রানী সরকারকে মেডিকেল অফিসারের কক্ষে ডেকে নিয়ে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে বসবাস না করার অজুহাতে বেতন থেকে বাড়িভাড়া কেটে নেওয়ার ভয়ভীতি ও হুমকি দেন।
ভুক্তভোগী প্রতিমা রানী সরকার জানান, উপপরিচালক তাঁদের কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্বামী, সন্তান এমনকি সিঁদুরের কসম দিয়ে মানসিক নিপীড়ন চালান। অপর পরিদর্শিকা শাহিনা খাতুন অভিযোগ করেন, উপপরিচালক নিজ হাতে একটি মুচলেকা লিখে দিয়ে তাঁদের ওপর চাপ প্রয়োগ করেন এবং ভয়ভীতি দেখিয়ে হুবহু সেই লেখা সই করে স্বীকারোক্তি দিতে বাধ্য করেন। এরপর চার সদস্যের একটি কমিটির সিদ্ধান্তের বরাত দিয়ে ওই ঝুঁকিপূর্ণ বাসায় ওঠার জন্য চাপ দিতে থাকেন।
পরবর্তীতে উপপরিচালক রংপুর বিভাগীয় পরিচালককে কুড়িগ্রামে এনে প্রভাবিত করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত বাসাভাড়া এবং ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল কর্তনের চিঠি করান। একই সঙ্গে জুন মাস থেকে নিয়মিত বাসাভাড়া ও বিদ্যুৎ বিল কেটে রাখা হচ্ছে। অথচ ২০২৩ সালেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী নাজমুল হক এবং জেলা পরিবার পরিকল্পনার তৎকালীন উপপরিচালক মোদাব্বের হোসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অফিসার্স কোয়ার্টার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা কোয়ার্টারটি 'বসবাসের সম্পূর্ণ অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ' মর্মে প্রত্যয়নপত্র দিয়েছিলেন।
এ অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগী দুই পরিদর্শিকা রংপুর বিভাগীয় পরিচালক ও মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে শুরু হয় নতুন নাটকীয়তা। অভিযোগ ধামাচাপা দিতে উপপরিচালক মোজাম্মেল হক তাঁর ঘনিষ্ঠ খুলনা বিভাগের এক উপপরিচালককে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের বক্তব্য না শুনে তড়িঘড়ি করে একতরফা ও মনগড়া তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়। এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শী কুড়িগ্রাম সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়া মোছা. নুরুন্নাহার বেগম ও মিনা রানী সাক্ষ্য দিতে গেলে তাঁদের সাক্ষ্য গ্রহণ না করে উল্টো নুরুন্নাহারকে ঘোগাদহ এবং মিনা রানীকে যাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শাস্তিমূলক বদলি করা হয়।
অনুসন্ধানে জানা যায়, কার্যালয়ের সকল অনিয়ম, বদলি ও নিয়োগ বাণিজ্য এবং সংবেদনশীল প্রশাসনিক ফাইলের কাজ পরিচালনা করছেন প্রেষণে আনা পরিসংখ্যান সহকারী মাহবুবার রহমান মীম। পরিসংখ্যানের কাজের জন্য আনা হলেও তাঁকে নিজস্ব সিন্ডিকেটের মূল হোতা হিসেবে ব্যবহার করছেন উপপরিচালক। অন্যদিকে ওই পদে নিয়মিত দুজন পরিসংখ্যান সহকারী পদায়ন পেলেও দায়িত্ব না পেয়ে বদলি হয়ে যেতে বাধ্য হন। বর্তমানে নাজমুল ইসলাম নামের এক কর্মকর্তা কর্মরত থাকলেও তাঁকেও দায়িত্ব থেকে বঞ্চিত রাখা হয়েছে।
মাঠপর্যায়ের কর্মচারীরা অভিযোগ করেন, উপপরিচালক পরিদর্শনে গিয়ে অধস্তনদের ভয়ভীতি দেখিয়ে দেশি মুরগি, মাছ ও দুধসহ নানা অনৈতিক সুবিধা দাবি করতেন। এতে অসম্মতি জানালে তাঁদের দুর্গম চরাঞ্চলে শাস্তিমূলক বদলি করা হতো এবং পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের স্থানে পদায়ন দেওয়া হতো। তিনি প্রায়ই দম্ভোক্তি করে বলতেন, অধিদপ্তরের পরিচালকেরা তাঁর ব্যাচমেট ও বন্ধু হওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করে কেউ কিছু করতে পারবে না। এছাড়া অধস্তনদের কাছ থেকে আদায় করা মাছ-মাংস অফিসের বিদ্যুৎ ব্যবহার করে রান্না ও ভোজের আয়োজন এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে রংপুরস্থ বাসায় যাতায়াতে ব্যবহারেরও জোরালো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসব অভিযোগ প্রসঙ্গে উপপরিচালক মোজাম্মেল হক বলেন, তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।
এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহেনা জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় যথাযথ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ