ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অনটনের সংসারে অদম্য মুন্নার সাফল্য: এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, লক্ষ্য বিশ্ববিদ্যালয়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১:৫২

অভাব-অনটনের সংসার। বাবা ইমারত নির্মাণশ্রমিক, মা একটি এনজিও অফিসের আয়া। কখনো বাবার কাজ থাকে, কখনো থাকে না। সংসারের এমন টানাপোড়েনের মধ্যেও থেমে থাকেনি ছেলের পড়াশোনা। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. মোন্নাফ হোসেন (মুন্না)। তাঁর স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়া এবং একদিন বাবা-মায়ের মুখে হাসি ফোটানো।

মুন্না এবার সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২৪ সালে ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন তিনি। দরিদ্র পরিবারের সন্তান মুন্নার এই সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের নিরলস পরিশ্রম, ত্যাগ আর তাঁর নিজের অধ্যবসায়।

মুন্নার বাবা রফিকুল ইসলাম পেশায় একজন ইমারত নির্মাণশ্রমিক। মা মোছা. মিরা খাতুন একটি এনজিও অফিসে আয়ার কাজ করেন। সামান্য বেতনে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয়েছে তাঁদের। অর্থাভাবে কোনো কোচিং সেন্টারেও ভর্তি হতে পারেননি মুন্না। তবুও নিজের চেষ্টা ও বাবা-মায়ের অনুপ্রেরণায় চালিয়ে গেছেন পড়াশোনা।

মুন্নার মা মোছা. মিরা খাতুন বলেন, ‘ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব—এটাই আমার স্বপ্ন। এনজিও অফিসে আয়ার কাজ করে মাসে মাত্র ৬ হাজার টাকা বেতন পেতাম। সংসারে অভাব-অনটন ও ঋণ রয়েছে। তারপরও নিজের প্রয়োজন কমিয়ে ছেলের পড়াশোনার পেছনে টাকা খরচ করেছি। ছেলের এই ফলাফলে আমাদের সব কষ্ট সার্থক মনে হচ্ছে।’

বাবা রফিকুল ইসলাম বলেন, ‘ইমারত নির্মাণের কাজ সব সময় থাকে না। কোনো দিন কাজ পাই, আবার কোনো দিন বাড়িতে বসে থাকতে হয়। অভাবের সংসার হলেও ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন কখনো ছাড়িনি। ছেলে ভালো ফল করেছে, এতে আমরা অনেক খুশি।’

নিজের সাফল্যে বাবা-মায়ের অবদানের কথা স্মরণ করে মো. মোন্নাফ হোসেন মুন্না বলেন, ‘আমার বাবা-মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। তাঁদের কষ্ট আমি কাছ থেকে দেখেছি। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে চাই। সেখানে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারলে বাবা-মায়ের জন্য কিছু করতে পারব—এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।’

অভাবের সংসারে বেড়ে ওঠা মুন্নার এই সাফল্য শুধু তাঁর একার অর্জন নয়, বরং সন্তানকে মানুষের মতো মানুষ করতে বাবা-মায়ের নিরন্তর সংগ্রামেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখন তাঁর স্বপ্ন পূরণে প্রয়োজন উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার সুযোগ ও সহযোগিতা।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন