অটোরিকশা নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না, ধানখেতে মিলল কিশোরের মরদেহ
সংসারের অভাব ঘোচাতে যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই পরিবারের হাল ধরেছিল কিশোর শিহাব আলী (১৫)। অসুস্থ বাবার অটোরিকশা চালিয়ে উপার্জন করত সে। সেই আয়ে চলত অসুস্থ বাবাসহ পরিবারের পাঁচ সদস্যের সংসার। কিন্তু বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিহাব। দুই দিন পর শনিবার সকালে একটি ধানখেত থেকে উদ্ধার হলো তার মরদেহ। তবে এখনো সন্ধান মেলেনি তার ব্যবহৃত অটোরিকশাটির।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২ নম্বর মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামের একটি ধানখেতে শিহাবের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।
নিহত শিহাব গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুইপাড়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের মো. সোহেল আলীর বড় ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় শিহাব। এরপর রাত গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। তিন দিন ধরে অপেক্ষার পর শনিবার মিলল তার মরদেহ।
শিহাবের বাবা সোহেল আলী ডায়াবেটিস ও প্যারালাইসিসে আক্রান্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তিনি। বাবার অসুস্থতার কারণে সংসারের উপার্জনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল শিহাব। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছোট ভাই সিফাতের বয়স ১২ বছর এবং বোন সিনথিয়া খাতুনের বয়স ১০ বছর। কিশোর বয়সেই পরিবারের উপার্জনক্ষম সদস্য হয়ে উঠেছিল সে।
পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিহাবকে হত্যা করে থাকতে পারে। কারণ, শিহাবের মরদেহ পাওয়া গেলেও অটোরিকশাটির কোনো সন্ধান মেলেনি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিহাবকে হত্যা করা হয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে ছোট দুই ভাই-বোনের ভবিষ্যৎ—সবকিছু সামলে যে কিশোরটি সংসারের ভরসা হয়ে উঠেছিল, তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এখন স্বজনদের একটাই দাবি, শিহাব হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
এমএসএম / এমএসএম
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ
টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত