ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:১২

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগ এনে সালিস বৈঠকে শিশ মোহাম্মদ (৩৪) নামের এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও একটি চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সালিসে উপস্থিত মাতবরদের বিরুদ্ধে। 
ভুক্তভোগী শিশ মোহাম্মদ উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের শফি উদ্দিন প্রামাণিকের ছেলে। নারীর শ্লীলতহানীর অভিযোগে মব সৃষ্টি করে মারধর এবং স্বাক্ষর নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও চেক উদ্ধারে নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেন তিনি। 
এ ঘটনা থেকে বাঁচতে নাটকীয় শ্লীলতাহানীর ঘটনায় গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) ওই নারী বাদী হয়ে শিশ মোহাম্মদের বিরুদ্ধে মান্দা থানায় দণ্ডবিধির ১০ ধারায় মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠিয়েছে পুলিশ। 
স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগী শিশ মোহাম্মদ গত ২৩ অক্টোবর তাঁর ভোগদখলীয় আমন ধানের জমিতে সেচ দেওয়ার কাজ করছিলেন। অন্য জমিতে সেচ দেওয়ার কথা বলে ওইদিন সন্ধ্যালগ্নে বৈলশিং গ্রামের আব্দুস সালাম শাহের বাড়িতে তাঁকে ডেকে নেওয়া হয়। এরপর আব্দুস সালামের নাতনিকে শ্লীলতাহানীর অভিযোগ এনে দড়ি দিয়ে বেঁধে শিশ মোহাম্মদকে মারধর করেন আশপাশের লোকজন।
পরে ওই রাতে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য হারুন অর রশীদ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আব্দুল মতিন মালসহ স্থানীয় মাতবরদের উপস্থিতিতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে আটক যুবক শিশ মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা টাকা দিতে না পারায় ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে শিশ মোহাম্মদের কাছ থেকে।
ভুক্তভোগী শিশ মোহাম্মদের স্ত্রী শাকিলা বিবি বলেন, পূর্ব বিরোধের জের ধরে স্বামী শিশ মোহাম্মদকে মিথ্যা অভিযোগে আটক করে মারধর করা হয়েছে। পরে চেয়ারম্যান, মেম্বার ও বিএনপি নেতা আব্দুল মতিন মালসহ বেশকিছু মাতবরদের উপস্থিতিতে দুই লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্প ও জনতা ব্যাঙ্ক সতিহাট শাখার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয়। এসব ঘটনায় স্বামী শিশ মোহাম্মদ নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেন।
শাকিলা বিবি অভিযোগ করে বলেন, ‘এসব মামলা থেকে বাঁচতে মাতবরদের প্ররোচনায় ওই নারী মান্দা থানায় গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) আমার স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানীর একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ আমার স্বামী শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।’ 
এ প্রসঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মাল বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি আগে থেকেই ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ইউপি সদস্য হারুন অর রশীদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরে আমি তাঁদের সঙ্গে যুক্ত হই। সালিসে যুবক শিশ মোহাম্মদের দুই লাখ টাকা জরিমানা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা।’ 
জানতে চাইলে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘আব্দুল মতিন মালের উপস্থিতিতে সালিস হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম। আব্দুল মতিনসহ সালিসে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে আমার কাছে জমা দিয়েছে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ভুক্তভোগী নারীর শ্লীলতাহানীয় মামলায় অভিযুক্ত শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত যুবক শিশ মোহাম্মদ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন