জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না: শফিকুর রহমান
গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন দাবি করে সেই রায় বাস্তবায়নে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, জাতির সঙ্গে ‘গাদ্দারি’ বরদাশত করা হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কীভাবে দাবি আদায় করতে হয়, তা জনগণ জানে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের পকেট কেটে ১২০০ টাকার গ্যাস ২৫০০ টাকায় কিনতে হচ্ছে। ২ হাজার টাকার বিদ্যুৎ বিল ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। দেশের মানুষ এখন মুক্তি চায়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাশত করব না।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ৩৩টি দল তা মানতে বাধ্য থাকবে। এখন ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে, তাই তা মেনে নিতে হবে। এ নিয়ে কোনো ‘ধানাই-পানাই’ চলবে না।
জামায়াত আমীর বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে বাকি ছয় দফা নিয়ে দেশের জনগণকে আর ভোগান্তিতে পড়তে হবে না। ভালোয় ভালোয় দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ প্রমাণ করেছে, গুলি, বন্দুক ও কামান দাগিয়ে তাদের দমানো যাবে না। নব্য ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্রয়োজনে বুকের রক্ত দেয়ার ঘোষণাও দেন বিরোধীদলীয় এই নেতা।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশের মানুষের মুক্তির কথা বলতে এবং জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের কথা তুলে ধরতে তারা রাজপথে নেমেছেন।
জামায়াত আমীরের নেতৃত্বে রাজপথে নামার কথা উল্লেখ করে তিনি বিএনপি সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে ‘গুন্ডামি’ বন্ধের দাবি জানিয়ে গ্যাস-বিদ্যুতের দাম কমানোর কথা বলেন। এসব দাবি পূরণ না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
লংমার্চ উপলক্ষে সকাল থেকেই খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতু থেকে রূপসার কুদির বটতলা পর্যন্ত ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। কাটাখালীর পথসভা একপর্যায়ে জনসভায় রূপ নেয়।
আয়োজনে নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহাসড়কের পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা লংমার্চের গাড়িবহরের অপেক্ষা করেন। নওয়াপাড়া এলাকায় ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নারী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী এবং এনসিপির বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
aliul / aliul
ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না: শফিকুর রহমান
বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী
সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ
কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না: জামায়াত আমীর
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: ফয়জুল করীম
ঢাকাকে নতুন করে গড়তে গণবিক্ষোভ ছড়িয়ে দেওয়ার ঘোষণা এনসিপির: নাসীরুদ্দিন পাটওয়ারী
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ
বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
দেশ কোন পথে, প্রশ্ন জামায়াত আমিরের