কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
শরতের কাশফুল বিদায় নেওয়ার পর প্রকৃতিতে যখন হেমন্তের আগমনী বার্তা, ঠিক তখনই কুয়াশাঘেরা নবান্নের আনন্দ উদযাপনে রাজধানীতে বর্ণিল উৎসবের আয়োজন করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। গান, কবিতা আর ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদে মুখর হয়ে ওঠা এ আয়োজন রূপ নেয় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমাণু শক্তি কমিশনের সাবেক সদস্য ড. মোহাম্মদ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম, জয়পুর হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এফসিজিএ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইকবাল হোসেন রাজু এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন সিজেএফডির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ও এম মোশাররফ হোসাইন, হেমন্ত সন্ধ্যা উদযাপন কমিটির আহ্বায়ক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ারের উপস্থিতি পুরো আয়োজনে ভিন্ন এক মাত্রা যোগ করে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী মনির হোসেন, শামীমা নাসরীন, হাফসা পলিন, রিজওয়ান কাদের কচি, রাশিদা রাশি, শারমীন সুলতানা রিনা, মহিন উদ্দিন স্বপন এবং এসএ কিরণের সুরের মূর্ছনায় মুখরিত হয় সংস্কৃতি বিকাশ কেন্দ্র চত্বর। বিশিষ্ট শিল্পী অর্জুন বিশ্বাসের জীবনমুখী গান উপস্থিত শ্রোতাদের আবেগাপ্লুত করে। আবৃত্তিশিল্পী সীমা ইসলাম, জুনান নাশিত ও দুলাল চৌধুরীর কবিতা পাঠ হেমন্তের শান্ত রূপকে আরও দ্যোতনাময় করে তোলে। অনুষ্ঠানের মাঝে ছড়াকার ও সাংবাদিক প্রণব কুমার মজুমদার এবং সালাম ফারুকের রসবোধপূর্ণ উপস্থাপনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাথা নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করে শেকড়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।
সাংস্কৃতিক পরিবেশনার সমান্তরালে অনুষ্ঠানস্থলে বসেছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির আসর। বিকেল থেকেই কারিগরদের হাতে তৈরি গরম গরম ভাপা ও চিতইসহ হরেক রকমের শীতকালীন পিঠার সুবাস ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে। সিজেএফডির সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা একসঙ্গে বসে পিঠার স্বাদ গ্রহণের মধ্য দিয়ে গ্রামীণ নবান্ন উৎসবের স্বাদ উপভোগ করেন।
বিকেল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই মিলনমেলায় রাজধানীর ইট-কাঠের ব্যস্ত জীবন ভুলে সবাই মেতে ওঠেন অনাবিল আনন্দে। আয়োজকেরা জানান, নাগরিক ব্যস্ততার মাঝেও বাঙালির চিরন্তন লোকসংস্কৃতি, ঋতুভিত্তিক উৎসব ও খাদ্যাভ্যাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে শেকড়ের বন্ধনকে দৃঢ় রাখতেই এ আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত