ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ব্যাহত হচ্ছে ৫২২ শিক্ষার্থীর পাঠদান

বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ১:৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকটের কারণে স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৩ সালে উপজেলার একমাত্র মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া এই বিদ্যাপীঠে শিক্ষক স্বল্পতায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫২২ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ৬৪ জন, প্রথম শ্রেণিতে ১০১ জন, দ্বিতীয় শ্রেণিতে ৮৬ জন, তৃতীয় শ্রেণিতে ১১৩ জন, চতুর্থ শ্রেণিতে ১০৩ জন এবং পঞ্চম শ্রেণিতে ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। বিপুল এই শিক্ষার্থীর পাঠদানে প্রধান শিক্ষকসহ মোট ১১টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৭ জন শিক্ষক। ফলে প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। শিক্ষক সংকটের কারণে শ্রেণিকক্ষে একাধিক শাখা (সেকশন) চালু করা সম্ভব হচ্ছে না।

বিদ্যালয়টিতে প্রথম শিফটে সকাল ৯টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট ২৫১ জন শিক্ষার্থীকে পাঠদান করাতে মাত্র কজন শিক্ষককে চরম হিমশিম খেতে হয়। এর আগে নতুন ভবন নির্মাণের সময় শ্রেণিকক্ষ সংকটে প্রায় এক বছর পাঠদান ব্যাহত হয়েছিল।

অভিভাবকদের অভিযোগ, উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ে তুলনামূলক কম শিক্ষার্থী থাকা সত্ত্বেও প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষক কর্মরত আছেন। অথচ একমাত্র মডেল বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি দূর করতে সংশ্লিষ্ট শিক্ষা অফিসের কোনো কার্যকর নজরদারি নেই। এমনকি সম্প্রতি অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে দুই জন শিক্ষক বদলির আবেদন করলে উপজেলা শিক্ষা কর্মকর্তা কোনো খোঁজখবর না নিয়েই তাৎক্ষণিক বদলি কার্যকর করায় সংকট আরও ঘনীভূত হয়। পরবর্তীতে একজন শিক্ষক যোগদান করলেও এখনও ৪টি পদ শূন্য। মানসম্মত পাঠদানের অভাবে অনেকেই বাধ্য হয়ে সন্তানদের বেসরকারি কিন্ডারগার্টেনে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। অভিভাবকরা অবিলম্বে শূন্য পদে শিক্ষক পদায়ন এবং বদলি হওয়া শিক্ষকদের ফিরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম শিক্ষক সংকটের সত্যতা নিশ্চিত করে জানান, সীমিত শিক্ষক দিয়ে এত বিশালসংখ্যক শিক্ষার্থীর মানসম্মত পাঠদান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। দ্রুত শিক্ষক পদায়ন না হলে শিক্ষার গুণগত মান ধরে রাখা সম্ভব হবে না।

এ বিষয়ে বক্তব্য জানতে বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান জানান, শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি তাদের নজরে রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা পূরণ করা হবে। পাশাপাশি শিক্ষকদের অভ্যন্তরীণ বিষয়ে অভিভাবকদের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক তদারকি জোরদার করা হবে।

চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) সঙ্গে কথা বলে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটসহ বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ