রায়পুরায় ১৬ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাস মাত্র একজন: পাসের হার ১১.১১ শতাংশ
নরসিংদীর রায়পুরা উপজেলায় ১৬ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র একজন। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১১ দশমিক ১১ শতাংশে। আগের বছরও পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এ নিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার মান, পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ-তালুককান্দি এলাকায় অবস্থিত মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর কলেজটির এমন ফলাফল বিপর্যয়ের চিত্র সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁইয়া নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও ফলাফল আশঙ্কাজনকভাবে তলানিতে নেমেছে। এ বছর বিজ্ঞান ও মানবিক বিভাগ মিলিয়ে মাত্র ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যার মধ্যে পাস করেছেন মাত্র একজন। এর আগের বছর পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও শতভাগ শিক্ষার্থী ফেল করেছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলেজটিতে পড়াশোনার পরিবেশ নেই বললেই চলে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির হারও উদ্বেগজনক। অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে উপস্থিত না হয়ে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকে আসক্ত হয়ে সময় নষ্ট করছে। পাঠদানে চরম অনীহা এবং কর্তৃপক্ষের উপযুক্ত নজরদারির অভাবেই ধারাবাহিক এ বিপর্যয় ঘটছে বলে মনে করছেন সচেতন অভিভাবকরা।
ফলাফলের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিটন মিয়া জানান, চলতি বছর ৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন কৃতকার্য হয়েছে। তিনি দাবি করেন, কলেজে ভর্তির পর অনেক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায় এবং যারা থাকে তাদের একটি বড় অংশ নিয়মিত ক্লাসে আসে না। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ কোচিং করিয়ে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং সবার পাসের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। এ ছাড়া গত বছর জীববিজ্ঞান বিষয়ে ফেল করা একজন পরীক্ষার্থী এ বছর দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেনি।
১৬ জন শিক্ষকের বিপরীতে মাত্র ৯ জন পরীক্ষার্থী এবং তাঁদের মধ্যে একজনের পাস করার এমন হতাশাজনক ফলাফলে স্থানীয় শিক্ষাব্যবস্থার দুর্বল চিত্র ফুটে উঠেছে। এলাকাবাসী ও সচেতন মহল কলেজটির অ্যাকাডেমিক পরিবেশ পুনরুদ্ধার, শিক্ষকদের জবাবদিহি ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কঠোর তদারকি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল