পুলিশ বক্সে আগুন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে গাজীপুরের বিস্তীর্ণ পোশাকশিল্প এলাকা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম স্থবিরতা নেমে আসায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক, তেলিচালা, মহানগরীর কোনাবাড়ী, ভোগড়া ও নাওজোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিলে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে শত শত দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ পথচারীরা।
বিক্ষোভ চলাকালে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান বেতনে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করে নতুন কাঠামো বাস্তবায়ন করতে হবে।
শিল্পাঞ্চলে চরম উত্তেজনা ও সংঘর্ষের মুখে সার্বিক নিরাপত্তা বিবেচনায় চন্দ্রা পল্লীবিদ্যুৎ থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে শরিক হন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে শিল্পাঞ্চলে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ টহল দিচ্ছেন এবং পরিস্থিতি বিবেচনায় বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়। মহাসড়ক নিরাপদ রাখা এবং যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ কাজ করছে।
পোশাকশ্রমিকদের বেতন কাঠামো পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে নতুন মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া চলমান থাকলেও রাজপথের এই অসন্তোষ থামানো যাচ্ছে না। দেশের অন্যতম শীর্ষ এই শিল্পাঞ্চলে দীর্ঘ সময় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকলে রপ্তানি আয়ে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। অনতিবিলম্বে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল