মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদে আগাম নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। দিন যত ঘনাচ্ছে, সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন; পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে চলছে নানা হিসাব-নিকাশ। স্থানীয় ভোটাররা কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে পারেন—এমন সৎ ও জনবান্ধব প্রতিনিধি চাইছেন। অন্যদিকে তৃণমূলের দলীয় নেতাকর্মীরা ‘হাইব্রিড’ বা সুবিধাবাদীদের বাদ দিয়ে দুঃসময়ে পাশে থাকা ত্যাগী নেতাদের দলীয় সমর্থনের দাবি তুলেছেন।
নদীর তীরবর্তী বহরবুনিয়া ইউনিয়নটি উপজেলার অন্যতম প্রাচীন একটি জনপদ। ছয়টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নের বর্তমান জনসংখ্যা প্রায় ৩২ হাজার ৫৪০ জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫৪ জন (পুরুষ ৭ হাজার ২৯ জন এবং নারী ৭ হাজার ২৫ জন)। এখানকার মানুষের প্রধান পেশা ও আয়ের অন্যতম উৎস চিংড়ি চাষ। একসময়ে ধান ও রবিশস্যে সমৃদ্ধ থাকলেও জলবায়ু পরিবর্তন, ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ ও অব্যাহত নদীভাঙনে জনপদের জীবনযাত্রায় চরম স্থবিরতা নেমে এসেছে। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ইউনিয়নে এক ইঞ্চিও পাকা বা পিচঢালা রাস্তা নির্মিত হয়নি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির তীব্র সংকট ও নদীভাঙনে জর্জরিত এই অঞ্চলের মানুষ এখনো যাতায়াতের জন্য কেবল নৌকা, ট্রলার ও লঞ্চের ওপর নির্ভরশীল। স্থানীয়দের অভিযোগ, একের পর এক জনপ্রতিনিধি পরিবর্তন হলেও অবকাঠামোগত কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
নির্বাচন সরাসরি দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রত্যাশায় সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ইউনিয়নটিতে বিএনপি থেকে সমর্থন প্রত্যাশায় মাঠে তৎপর রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুন নাছিম রাখি, ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিন ফকির, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ হোসেন হাওলাদার, সহ-সভাপতি আহম্মেদ গাউস এবং সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জেবু। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বহরবুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির এইচ এম গিয়াস উদ্দিন।
তৃণমূলের দলীয় নেতাকর্মীরা জানান, বিগত বছরগুলোতে মামলা-হামলা, দমন-পীড়ন ও এলাকাছাড়া থাকার দুঃসময়ে যাঁরা মাঠে থেকে কর্মীদের আগলে রেখেছেন, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া উচিত। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশ থেকে বা গা-ঢাকা অবস্থা থেকে ফিরে এসে যারা সুবিধা নিতে চাইছেন, তাঁদের মনোনয়ন বা সমর্থন দিলে কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হবে।
সম্ভাব্য প্রার্থী নাজমুন নাছিম রাখি বলেন, ছাত্রজীবন থেকেই রাজপথে থেকে নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। অবহেলিত এ জনপদের টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবায় অবদান রাখতেই তিনি প্রার্থী হয়েছেন এবং দল তাঁর অতীত ত্যাগের মূল্যায়ন করবে বলে আশাবাদী।
অপর প্রার্থী নাসির উদ্দিন ফকির বলেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয়। এর আগে দুবার দলীয় সমর্থন নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পারিবারিক ঐতিহ্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে দল এবারও তাঁকে সমর্থন দেবে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে জামায়াত মনোনীত প্রার্থী এইচ এম গিয়াস উদ্দিন বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়ের সংস্কার এবং বৈষম্যহীন নাগরিক সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে তিনি মাঠে কাজ করছেন। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার সুষমভাবে বণ্টন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত