ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ: দূষণে অতিষ্ঠ জনজীবন, স্থায়ী সমাধানের দাবি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ২:৫৫

নাটোরের গুরুদাসপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই চলছে অধিকাংশ ইটভাটা। আবাসিক এলাকা ও ফসলি জমির সন্নিকটে গড়ে ওঠা এসব ভাটার কারণে চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও পাকা সড়ক। প্রশাসনের দায়সারা অভিযান ও নামমাত্র জরিমানার কারণে এসব অবৈধ ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, উপজেলায় মোট ১১টি ইটভাটার মধ্যে সরকারি অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র ২টির। বাকি ৯টি ভাটাই চলছে সম্পূর্ণ অবৈধভাবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কৃষিজমি, বনভূমি ও ঘনবসতিপূর্ণ এলাকার এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এখানে কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। নিচু চিমনি দিয়ে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় এলাকার বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ফসলের ফলন। তিন ফসলি জমির উর্বর মাটি কেটে ইট তৈরিতে ব্যবহারের পাশাপাশি ভারী ড্রাম ট্রাক ও ট্রলির অবাধ চলাচলে গ্রামীণ পাকা সড়কগুলো দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, যত্রতত্র পুকুর খনন ও ইটভাটায় টপসয়েল ব্যবহারের কারণে গত এক বছরে প্রায় ১২০ হেক্টর তিন ফসলি জমি কমে গেছে, যার প্রভাব পড়েছে খাদ্য উৎপাদনে। এদিকে ২০২৪ সালের শেষের দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপজেলার ৯টি অবৈধ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা করা হলেও কিছুদিন পর ভাটাগুলো পুনরায় চালু করা হয়।

তথ্য অনুসন্ধানে দেখা গেছে, পৌর এলাকার ঘনবসতিপূর্ণ স্থানে নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠেছে চাঁচকৈড়ের মোশাররফ হোসেনের মেসার্স এমবিপি ব্রিকস, আব্দুস সালাম সবুজের মেসার্স একেবি ব্রিকস, জহুরুল সোনারের মেসার্স এমডিআর ব্রিকস, জাহাঙ্গীর সোনারের মেসার্স এমডিএস ব্রিকস এবং আমজাদ-মফিজের মেসার্স এএমবি ব্রিকস। এ ছাড়া উপজেলার সাহাপুরে রয়েছে আজাহার প্রামাণিকের মেসার্স এইচবিবি ব্রিকস, আজাহার বালুর মেসার্স এইচআরবি ব্রিকস, কাদের হাজীর মেসার্স এইচকেবি ব্রিকস ও মজনু সরদারের মেসার্স এমএসবি ব্রিকস। অপরদিকে হাজীর হাটে জাহিদুল ইসলামের মেসার্স এমডিপি ব্রিকস এবং চন্দ্রপুরের রেজাউল হাসান রানার মেসার্স আরআরবি ব্রিকসের অনুমোদন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা, জবতুল্লাহ মণ্ডল ও কৃষক শফিকুল ইসলামসহ অনেকেই অভিযোগ করে বলেন, প্রতিবছর প্রশাসন লোকদেখানো জরিমানা করে চলে যায়, কিন্তু কখনোই স্থায়ীভাবে ভাটাগুলো বন্ধ করে না। স্থায়ী সমাধান নিশ্চিত করতে অবৈধ ভাটাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দিয়ে মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র রয়েছে, তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অধিকাংশেরই নেই। সরকার যদি এগুলো বন্ধ করতে চায়, তবে মালিকদের আগে থেকেই আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।’

অন্যদিকে বৈধ ভাটা মেসার্স আরআরবি ব্রিকসের স্বত্বাধিকারী রেজাউল হাসান রানা ও মেসার্স এমডিপি ব্রিকসের জাহিদুল ইসলাম বলেন, সরকারি সকল বিধিবিধান মেনেই তাঁরা ভাটা পরিচালনা করছেন, বাকিদের কোনো বৈধ অনুমোদন নেই।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিবেশ আইন রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন অনুমোদনহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ