ভূরুঙ্গামারীতে ৬ মাস বেতন না পেয়ে সুপার ও অফিস সহকারীকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলেন শিক্ষকরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার ১৮ জন শিক্ষক-কর্মচারীর ছয় মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক ও কর্মচারীরা। এ সময় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট (সুপার) মো. সাইদুর রহমান এবং অফিস সহকারী মো. শফিয়ার রহমানকে প্রায় পাঁচ ঘণ্টা কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে শিক্ষক-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, মাদ্রাসার সুপার ও অফিস সহকারীর মধ্যকার পদবি-সংক্রান্ত দ্বন্দ্ব এবং প্রশাসনিক জটিলতার কারণে গত ছয় মাস ধরে সাধারণ শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। দৈনন্দিন সংসার খরচ চালানো ও ঋণের বোঝা টানতে গিয়ে রীতিমতো মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁদের।
মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরুল কায়েস ক্ষোভ প্রকাশ করে বলেন, পেটের দায়ে শিক্ষকেরা আজ সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ করতে বাধ্য হয়েছেন। দুজনের ব্যক্তিগত বিরোধের কারণে ১৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বেতন সংকটের দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
খবর পেয়ে মাদ্রাসার সভাপতি ও ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শহিদুল ইসলাম আকন্দ পুলিশ নিয়ে বেলা ৩টার দিকে ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ অবস্থা থেকে তাঁদের উদ্ধার করে শিক্ষক-কর্মচারীদের সাথে এক সমঝোতা বৈঠকে বসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মাদ্রাসার সুপার সাইদুর রহমান তাঁর চাচাতো ভাই তৎকালীন অফিস সহকারী শফিয়ার রহমানকে শিক্ষক পদে পদায়ন দেখান। এ নিয়ে প্রতিষ্ঠানে চরম প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে অফিস সহকারী পদে বহাল থাকার দাবিতে শফিয়ার রহমান আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। এ ছাড়া সুপারের বিরুদ্ধে এনটিআরসিএর নিবন্ধন সনদ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ধরনের মামলায় অতীতে তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন। সুপার ও অফিস সহকারীর এই দীর্ঘদিনের বিরোধের খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষক-কর্মচারীদের।
ভুক্তভোগী শিক্ষকেরা দ্রুত এ সংকটের স্থায়ী সমাধান করে বকেয়া বেতন ছাড়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, সুপার ও অফিস সহকারী অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে মাদ্রাসার সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ