রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক
রক্তের সংকটে থাকা এক মুমূর্ষু প্রসূতি রোগীকে রক্তদাতা না পেয়ে নিজের শরীর থেকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে সর্বমহলে প্রশংসায় ভাসেন এই মানবিক চিকিৎসক।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ পরবর্তী জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের দিনমজুর মঞ্জু হাওলাদারের স্ত্রী আঞ্জুরা বেগম (৪০)। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমন সংকটজনক পরিস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে ‘এ পজিটিভ’ গ্রুপের রক্ত সঞ্চালনের পরামর্শ দেন।
রোগীর স্বামী মঞ্জু হাওলাদার জানান, বিভিন্ন রক্তদাতা সংগঠন ও আত্মীয়স্বজনের দ্বারে দ্বারে ঘুরেও পরদিন রবিবার সকাল পর্যন্ত কোনো রক্তদাতার সন্ধান মেলেনি। সময় যত গড়াচ্ছিল, রক্তশূন্যতায় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন তাঁর স্ত্রী। অসহায় পরিবারের এমন সংকটময় মুহূর্ত দেখে আর স্থির থাকতে পারেননি ডা. মাহিদুল ইসলাম তুহিন। তিনি অবিলম্বে নিজের শরীর থেকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। দ্রুত ক্রস ম্যাচিং পরীক্ষায় রক্তের মিল পাওয়ায় তিনি নিজেই রোগীকে এক ব্যাগ রক্ত প্রদান করেন। চিকিৎসকের রক্ত পাওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে এবং বিপদমুক্ত হন আঞ্জুরা বেগম।
এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহিদুল ইসলাম তুহিন জানান, নিজের রক্তের গ্রুপের সাথে ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় এক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তবে সবসময় এমন সুযোগ নাও মিলতে পারে। প্রত্যন্ত অঞ্চলে জরুরি সময়ে যেকোনো গ্রুপের রক্তের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় একটি শক্তিশালী রক্তদাতা নেটওয়ার্ক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করে তিনি স্থানীয় মানবিক সংগঠনগুলোকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ