ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ৩:৯

একসময় গ্রামবাংলার অবস্থাসম্পন্ন গৃহস্থদের আভিজাত্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের অনন্য প্রতীক ছিল ‘কাচারি ঘর’। আধুনিক যুগের ড্রয়িংরুম কিংবা গেস্টরুমের এই আদি সংস্করণটি কালের আবর্তে এবং নগরায়নের ছোঁয়ায় আজ গ্রামীণ জনপদ থেকে প্রায় বিলুপ্তির পথে। তবে স্মৃতিবাহী এ ঐতিহ্যের নীরব সাক্ষী হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল ও কাছেমাবাদ গ্রামে অযত্ন-অবহেলায় এখনও দাঁড়িয়ে রয়েছে শতবর্ষী দুটি কাচারি ঘর, যার একটিতে একদা পদধূলি পড়েছিল অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের।

প্রবীণ ব্যক্তিদের ভাষ্যমতে, গ্রামীণ সমাজে মূল বসতঘরের সীমানার বাইরে খোলামেলা পরিবেশে তৈরি হতো কাচারি ঘর। কাঠ ও টিনের নান্দনিক কারুকাজ কিংবা শনের ছাউনির এই ঘরটি ব্যবহৃত হতো মেহমানদারি, দূরদূরান্ত থেকে আসা পথচারীদের বিশ্রাম, গ্রাম্য সালিশ-বৈঠক এবং বর্ষার রাতে জমজমাট পুঁথিপাঠের আসর হিসেবে। অসহায় পথচারীরা এখানে বিনামূল্যে রাতযাপনের সুযোগ পেতেন এবং গৃহস্থের অন্দরমহল থেকে তাঁদের জন্য খাবারের জোগান আসত। এমনকি গৃহশিক্ষকের (লজিং মাস্টার) থাকার ব্যবস্থা এবং সকালের শিশুদের কোরআন শিক্ষার মক্তব হিসেবেও কাচারি ঘর ছিল সর্বজনীন স্থান। ঐতিহাসিকভাবে সুবেদার ঈশা খাঁর আমল থেকে শুরু করে ব্রিটিশ ও জমিদারি আমলে খাজনা আদায় এবং প্রশাসনিক কাজের প্রয়োজনেও এ ঘরের ব্যবহার ছিল ব্যাপক।

বর্তমানে আধুনিক জীবনধারায় যৌথ পরিবার ভেঙে যাওয়া ও পাকা ভবন নির্মাণের হিড়িকে কাচারি ঘরের ঐতিহ্য হারিয়ে গেলেও গৌরনদীর গেরাকুল গ্রামের ঐতিহ্যবাহী মিঞাবাড়ির সামনে এখনও টিকে রয়েছে একটি ঐতিহাসিক কাচারি ঘর। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মিঞাবাড়ির প্রয়াত কৃতী সন্তান গোলাম মানিক মিঞা (যিনি বড় মিঞা নামে পরিচিত ছিলেন) তৎকালীন সময়ে বাংলার বাঘখ্যাত শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। শেরেবাংলা এই কাচারি ঘরে অতিথি হিসেবে অবস্থান করেছিলেন।

শতবর্ষ পূর্বে গোলাম মানিক মিঞার উদ্যোগে এই কাচারি ঘরেই গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি শুরু হয়, যা পরবর্তীতে পরিবারের দানকৃত জমিতে পূর্ণাঙ্গ ‘গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে রূপ নেয়। শুধু তা-ই নয়, এই কাচারি ঘর থেকে তৎকালীন মাহিড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল এবং ১৯৯৩ সালে ‘গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়’-এর শিক্ষাকার্যক্রমও প্রথম শুরু হয় এই ঘরটিতেই। পরবর্তীতে মিঞা পরিবারের দান করা জমিতে সুবিশাল তিনতলা স্কুল ভবন ও স্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী পাকা ভবন নির্মিত হয়। তবে পরিবারের বর্তমান সদস্যরা ঢাকাসহ বিভিন্ন শহরে এবং বিদেশে অবস্থান করায় শত স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই কাচারি ঘরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ হয়ে পড়েছে।

একইভাবে উপজেলার কাছেমাবাদ গ্রামের হাই মার্কেট সংলগ্ন ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির (আকন বাড়ি) স্বনামধন্য ব্যক্তিত্ব মরহুম এরফান মুন্সীর আমলে নির্মিত প্রায় শতবছরের প্রাচীন কাচারি ঘরটিও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এরফান মুন্সীর নাতি মো. নজরুল ইসলাম জানান, আধুনিক যুগে পরিবারের সদস্যরা আলাদা পাকা বাড়ি নির্মাণ করায় এই কাচারি ঘরের ব্যবহার বন্ধ হয়ে যায় এবং দেখভালের অভাবে তা আজ জরাজীর্ণ রূপ নিয়েছে। গ্রামবাংলার এমন ইতিহাস ও ঐতিহ্যের স্মারকগুলোকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম