ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৪৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের চাপোড়া খালের স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে চিহ্নিত বালু ব্যবসায়ী সরওয়ার কামালসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হাকিম লিটন বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ১৫(১) ধারায় এ মামলা দায়ের করেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া গ্রামের উলুবনিয়া এলাকার চাপোড়া খাল ও পার্শ্ববর্তী সংরক্ষিত পাহাড়ি এলাকায় লোহাগাড়া থানা পুলিশ এবং বন বিভাগ যৌথ অভিযান চালায়। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন, লোহার পাম্প ও সাকশন পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন—পদুয়া ইউনিয়নের বাসিন্দা সরওয়ার কামাল (৪২), হুবায়ের (৩৬), মো. জিয়াবুল (৪২), ভুট্টো (৩৭), মো. রাকিব (২৫) ও মো. শফিক (৩০)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, প্রধান আসামি সরওয়ার কামালের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আইন অমান্য করে চাপোড়া খাল ও সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে পাহাড়ের নিচের মাটি সরে গিয়ে বিশালাকার গভীর গর্ত তৈরি হওয়ায় চরম পাহাড়ধসের ঝুঁকি সৃষ্টি হয়েছে। একই সাথে পরিবর্তন হয়ে গেছে খালের প্রাকৃতিক গতিপথ, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী কৃষিজমি।

তা ছাড়া চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন হাঙর বন বিটে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সৃজিত সামাজিক বনায়নের ভেতর দিয়ে পাহাড় কেটে অবৈধ রাস্তা নির্মাণ করে চক্রটি। ইতিপূর্বে বন বিভাগ কাঁটাতারের বেড়া ও পরিখা খনন করে একাধিকবার রাস্তাটি বন্ধ করে দিলেও প্রভাবশালী চক্রটি তা ভেঙে জোরপূর্বক বালু পরিবহন অব্যাহত রাখে।

পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া জানান, সংরক্ষিত বন ও সুফল বাগানের মারাত্মক ক্ষতি করে আসামিরা দীর্ঘদিন ধরে এই অপতৎপরতা চালাচ্ছিল। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি বনভূমি রক্ষায় বন অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পুলিশ ও বন বিভাগের সমন্বিত অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবেশ বিধ্বংসী অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান চলবে।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার