ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৪৭

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা চিকিৎসাকেন্দ্র। সরকারি পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা ছাড়াই দুর্গম পাহাড়ের বৈরী পরিবেশে শুধু স্থানীয়দের উদ্যোগে পরিচালিত হচ্ছে রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। অবকাঠামোগত তীব্র সংকট, নিয়মিত নতুন পাঠ্যবইয়ের অভাব এবং যোগাযোগবিচ্ছিন্নতার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরোনো ছেঁড়া বই সংগ্রহ করে পাঠগ্রহণ করতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর বাবু তঞ্চঙ্গ্যা জানান, ২০১২ সালে প্রতিষ্ঠিত রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে (ইএমআইএস কোড: ০০৪১৪১০০৩২২) বর্তমানে ৪ জন শিক্ষক ও ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকরা কোনো ধরনের সরকারি বেতন-ভাতা না পেয়েও শুধু শিশুদের ভবিষ্যতের কথা ভেবে পাঠদান চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, এলাকাটি এতটাই দুর্গম যে পার্শ্ববর্তী ফারুয়া ইউনিয়ন থেকে পাহাড়ি পথ বেয়ে পায়ে হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে প্রায় দুই দিন সময় লেগে যায়। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় উপজেলা সদরের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যাহত হচ্ছে। সবচেয়ে দুঃখজনক হলো, সরকারি নতুন বই যথাসময়ে না পাওয়ায় পুরোনো বই সংগ্রহ করে শিক্ষার্থীদের পড়াতে হচ্ছে। অথচ জাতীয় ও স্থানীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি নিয়মিত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা বলেন, বড়থলি ইউনিয়নের অধিকাংশ মানুষ দরিদ্র জুমচাষি। আর্থিক অনটন ও স্কুল না থাকায় অনেক শিশু মাঝপথেই ঝরে পড়ছে। তিনি জানান, ইউনিয়নের শিক্ষা বিস্তার ও বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে ২০১৬ সালে তৎকালীন চেয়ারম্যানের মাধ্যমে রাইমংছড়া, টাইগারপাড়া, বড়থলি ত্রিপুরাপাড়া এবং প্রংজাংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও কোনোটি সরকারি হয়নি। ইউনিয়নের একমাত্র জুনিয়র হাইস্কুলটিও চলছে চরম সংকটে। তিনি দুর্গম এই জনপদের কোমলমতি শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় সরকারের উচ্চপর্যায়ের আশু দৃষ্টি আকর্ষণ করেন।

বড়থলি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর লাল ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে জানান, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা না থাকায় এখানকার শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য কিংবা সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সময়মতো জানতে পারে না। ফলে তারা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রতিযোগিতায় প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে।

বিলাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা জানান, রাইমংছড়া বিদ্যালয়টি দুর্গম ও অবহেলিত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বই পাওয়ার জন্য আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে যথাসময়ে এপিএসএস (APSS) চাহিদা পাঠানো প্রয়োজন। কিন্তু নেটওয়ার্কহীন দুর্গম এলাকা হওয়ায় সময়মতো তথ্য না আসায় বই সরবরাহে জটিলতা তৈরি হয়। তিনি আরও বলেন, পাহাড়ের শিক্ষাবৈষম্য দূর করতে এসব বেসরকারি বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ ও সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা জরুরি।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ জানান, বড়থলি ইউনিয়ন অত্যন্ত দুর্গম হওয়ায় সেবা পৌঁছাতে কিছুটা বেগ পেতে হলেও কোনো শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত করা হবে না। ইতিমধ্যে টাইগারপাড়ায় গিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। রাইমংছড়াসহ ইউনিয়নের সব বেসরকারি বিদ্যালয়ের শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর তালিকা উপজেলা প্রশাসনে দ্রুত জমা দিতে বলা হয়েছে; তালিকা পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় সরকারি বই ও শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার