ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১:৩৪

সরকারি দপ্তর মানেই ভোগান্তি, দীর্ঘসূত্রতা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য-সাধারণ মানুষের মধ্যে প্রচলিত এই ধারণা বদলে দিতে চান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষ করে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কাজ করছেন এই কর্মকর্তা।

২০২৬ সালের অক্টোবর মাসে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. আনিসুর রহমান। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর এটিই তাঁর প্রথম এসিল্যান্ড হিসেবে কর্মস্থল। তবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কর্মকর্তা-কর্মচারী থাকায় নতুন কর্মপরিবেশে সমন্বয় তৈরি করে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাঁকে। গত ১২ অক্টোবর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে তাঁর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। পরে ১৮ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও বাজার তদারকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও আগ্রহ রয়েছে তাঁর। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা ও বিতর্কচর্চার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উপজেলা পর্যায়ে আন্তঃউপজেলা বিতর্ক উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় উৎসাহিত করেন।

এদিকে ভূমি কার্যালয়ে সেবা নিতে এসে কেউ যাতে দালাল বা অসাধু ব্যক্তির মাধ্যমে প্রতারিত না হন, সে বিষয়ে বিশেষ নজর দিয়েছেন আনিসুর রহমান। সেবাগ্রহীতারা যেন সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। এসব নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিজেই তদারকি করছেন।

এরই মধ্যে তাঁর কার্যালয় থেকে সেবা পেয়েছেন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নান এবং বিধবা নারী রহিমা বেগম। প্রয়োজনীয় ভূমিসেবা নিতে এসে তাঁদের দীর্ঘসূত্রতা বা হয়রানির মুখে পড়তে হয়নি। স্বল্প সময়ে সেবা পেয়ে আবেগাপ্লুত হন রহিমা বেগম। আব্দুল মান্নানের পরিবারের সদস্যরাও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, সরকারি দপ্তরে মানবিক আচরণ ও আন্তরিকতা থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

সম্প্রতি সরেজমিনে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে কথা হয় মো. আনিসুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পাওয়ার পর ফরিদগঞ্জই আমার প্রথম কর্মস্থল। এখানে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জেলার সদর উপজেলায় কাজ করার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরিদগঞ্জের ভূমিসেবাকে আরও সুন্দর ও জনবান্ধব করতে চাই।

তিনি আরও বলেন, ভূমি অফিস মানেই ভোগান্তি, সহজে ও স্বল্প সময়ে সেবা পাওয়া যায় না-সাধারণ মানুষের মধ্যে থাকা এমন ধারণা বদলাতে চাই। সেবাপ্রত্যাশীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সেটিই আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা আমি নিজেই তদারকি করছি।

এমএসএম / এমএসএম

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

​মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ