ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
পটুয়াখালীর বাউফলে সন্তানের পিতৃপরিচয় ও স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করার ঘটনার অবসান ঘটেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার ফলাফলে শিশুটির জৈবিক বাবা হিসেবে কবির হাওলাদারকে শনাক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনএ পরীক্ষার ফরেনসিক প্রতিবেদনে কবির হাওলাদারকে শিশুটির বাবা হিসেবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, পিতৃত্বের সত্যতা নিশ্চিত করতে নিপা আক্তার, তাঁর ছয় মাস বয়সী শিশুসন্তান আরিয়ান এবং অভিযুক্ত কবির হাওলাদারের রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে কবির হাওলাদারকে শিশুটির জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ২০ এপ্রিল। ওই দিন উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামে প্রতিবেশী কবির হাওলাদারের বাড়িতে ছয় মাসের কোলের শিশুকে নিয়ে অবস্থান নেন নিপা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিপার উপস্থিতি টের পেয়ে কবির ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় ও মামলার সূত্র জানায়, এর আগে জহির নামের এক ইটভাটা শ্রমিকের সঙ্গে নিপার বিয়ে হয়েছিল এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। প্রায় দেড় বছর আগে স্বামী বাড়ির বাইরে থাকার সুবাদে প্রতিবেশী কবির হাওলাদারের সঙ্গে নিপার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নিপার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কবির তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে তাঁর প্রথম স্বামী তাঁকে তালাক দেন। পরবর্তীতে নিপা একটি পুত্রসন্তানের জন্ম দেন। শিশুটির পিতৃপরিচয় ও স্বীকৃতি নিয়ে বিরোধ দেখা দিলে তিনি বাধ্য হয়ে কবিরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
এ ঘটনায় নিপার বাবা জুলফু হাওলাদারও তাঁর মেয়ের সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানান। পরবর্তীতে বাউফল থানায় মামলা দায়ের করা হলে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করেন।
ডিএনএ পরীক্ষায় জৈবিক পিতৃত্ব প্রমাণিত হওয়ায় এখন সন্তানের আইনগত স্বীকৃতি এবং অধিকার নিশ্চিতের বিষয়টি আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
Link Copied