সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো প্রকৃত শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোনেরা কখনো নিজেদের রুটি-রুজির উৎস শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না। কিন্তু একটি চিহ্নিত মহল বিভিন্ন কলকারখানায় অনুপ্রবেশ করে যন্ত্রপাতি ভাঙচুর করছে এবং দেশের শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাগেরহাটে নিজের সফরের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে কথা দিয়েছিলাম—বিএনপি সরকার গঠনে সফল হলে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করবে। অতীতের বন্ধ হয়ে যাওয়া সব মিল-কারখানা পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। শুধু বিদ্যমান কারখানা চালু করাই নয়, নতুন উদ্যোক্তারা যাতে শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী হন, আমরা সেই পরিবেশ তৈরি করছি। আমরা চাই দেশে হাজার হাজার নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠুক। দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলসহ দীর্ঘকাল ধরে পিছিয়ে থাকা এলাকাগুলোর শিল্পায়ন ঘটিয়ে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে বদ্ধপরিকর। এসব অঞ্চলকে আর কোনোভাবেই অবহেলিত রাখা হবে না।’
বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, ‘দেশের বিদ্যমান সংকট সমাধান, শিল্পের প্রসার ও ব্যবসা-বাণিজ্যের পুনরুজ্জীবনে বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে একটি নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কাজও শুরু করেছে। আগামী এক-দুই মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো ঘোষণা করবে, যা কার্যকর হলে শ্রমিক ভাই-বোনেরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন।’
শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত সম্পর্কে সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন কর্মসংস্থান ও শিল্পায়ন এগিয়ে নিচ্ছি, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল বাইরের ইন্ধনে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে। বিগত দিনে যারা দেশের সম্পদ লুটপাট করে গণঅভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে গেছে, তারাই এখন সীমান্তের ওপারে বসে এ দেশের শিল্প ধ্বংসের নীল নকশা আঁকছে। মিল-কারখানা দেশের জাতীয় সম্পদ, শ্রমিকদের সম্পদ। এসব শিল্প ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক ভাই-বোন ও তাঁদের পরিবার; সর্বোপরি ভেঙে পড়বে দেশের অর্থনীতি।’ বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে আখ্যায়িত করে তিনি এই চক্রান্তের বিরুদ্ধে শ্রমিকসমাজ ও দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় মাজার প্রাঙ্গণ ও মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে বাগেরহাট জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মাজার জিয়ারত শেষে তিনি খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করেন।
এমএসএম / এমএসএম
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব