রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
নিজেই দৃষ্টিপ্রতিবন্ধী। ১৩ বছর বয়সী মেয়েটিও শারীরিক ও বাক্প্রতিবন্ধী। স্বামী মারা গেছেন দুই বছর আগে। তিন সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে আয়েশা খাতুনের (২৫)। সংসারে নেই কোনো আয়-রোজগার। প্রতিবন্ধী ভাতার সামান্য অর্থ ও মানুষের সহযোগিতায় চলছে তাঁদের জীবন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের মেয়ে আকলিমা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না, বলতেও পারে না। ১৩ বছর বয়স হলেও তার শারীরিক গঠন অনেকটা আড়াই বছরের শিশুর মতো। শরীরের বিভিন্ন স্থানে চর্মরোগে ঘা হয়েছে। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না মা।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আকলিমার বাবা কবির হোসেন। দুই বছর আগে তিনি আত্মহত্যা করেন। এরপর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বিপাকে পড়েন আয়েশা। নিজের প্রতিবন্ধকতার কারণে তাঁর পক্ষে কাজ করে সংসার চালানোও কঠিন। বর্তমানে প্রতিবন্ধী ভাতা ছাড়া নিয়মিত কোনো আয়ের উৎস নেই তাঁর।
আয়েশা খাতুন বলেন, ‘নিজেই চোখে দেখতে পাই না। মেয়েটাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, কথাও বলতে পারে না। তার শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে খুব কষ্টে আছি। প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে সংসার চলে না। মেয়ের চিকিৎসা ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকি।’
প্রতিবেশী আশিকুর রহমান প্লাবন বলেন, ‘পরিবারটির অবস্থা খুবই অসহায়। আয়েশা নিজে দৃষ্টিপ্রতিবন্ধী, মেয়েটিও গুরুতর প্রতিবন্ধী। চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করাও তাঁদের জন্য কঠিন। সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে পরিবারটি উপকৃত হবে।’
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ বলেন, ‘আয়েশা খাতুনের পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
আকলিমার সুচিকিৎসা, পরিবারের খাদ্যনিরাপত্তা এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন। পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে