টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জন জিম্মিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে অভিযানে গিয়ে সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা পাহাড়কেন্দ্রিক এই সশস্ত্র সিন্ডিকেট নির্মূলে অবিলম্বে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর টেকনাফের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন স্থানীয় ছাত্র প্রতিনিধিরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে রঙ্গীখালীর গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে সশস্ত্র পাচারকারীরা। এতে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। পরে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে আটক করে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের কথা জানানো হলেও পরে যাচাই-বাছাই শেষে দেখা যায় একজন দালাল ছদ্মবেশে জিম্মিদের ভেতরে লুকিয়ে ছিল। বর্তমানে উদ্ধারকৃতদের নাম-পরিচয় যাচাই চলছে এবং সেনাসদস্য নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
থানা হেফাজতে থাকা ফরিদপুরের বাসিন্দা ভুক্তভোগী আসাদুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে জানান, কক্সবাজারে কাজের সূত্রে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা ইমামুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভালো কাজের কথা বলে আট দিন আগে ডেকে নিয়ে তাঁর মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে রাতে সিএনজি অটোরিকশায় করে দুর্গম পাহাড়ে নিয়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে ৪০-৫০ জন সশস্ত্র পাহারাদার সার্বক্ষণিক পাহারায় ছিল। দুবার পালানোর চেষ্টা করে মারধরের শিকার হন তিনি। সাগরপথে মালয়েশিয়াগামী বড় ট্রলারে তোলার ঠিক আগমুহূর্তে যৌথ বাহিনী তাঁদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া উখিয়ার সেবতখালীর বাসিন্দা মো. সাইফুল ও মিজানুর রহমান সাগর অভিযোগ করেন, কাজের কথা বলে নূরালী নামের এক দালাল তাঁদের পাচারকারীদের কাছে তুলে দেয়। পরে তাঁরা জানতে পারেন তাঁদের দুজনকে এক লাখ টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে দিনে মাত্র দুই বেলা নামমাত্র ডাল ও কাঁচা লাউ খেতে দিয়ে লোহার শিকলে বেঁধে রাখা হতো।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ও স্থানীয় বাসিন্দা নুর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, শীত মৌসুম এলেই বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যংয়ের দুর্গম পাহাড় ঘিরে সশস্ত্র মানব পাচারকারীদের অপতৎপরতা বেড়ে যায়। অস্ত্রধারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে পরিস্থিতি কতটা বিপজ্জনক। অবিলম্বে পাহাড়ে চিরুনি অভিযান না চালালে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, কর্তব্যরত সেনাসদস্য নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি