ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ১১:৫৯

ঢাকার সাভারে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অনুদানের চাল উত্তোলনে ব্যাপক স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের না জানিয়ে তাঁদের স্বাক্ষর নকল করে খাদ্য গুদাম থেকে চাল তুলে নেওয়ার প্রমাণ মেলায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এ বছর বরাদ্দ বাড়িয়ে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি চাল অনুদান দেওয়া হয়। সাভার উপজেলায় মোট ২৩৪টি মন্দিরে এই সরকারি সহায়তা ছাড় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম।

বিধিমালা অনুযায়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর থেকে সত্যায়িত ডেলিভারি অর্ডার (ডিও) সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদককে সশরীরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্বাক্ষরের মাধ্যমে চাল উত্তোলন করতে হয়।

তবে আশুলিয়ার গুরু দয়াল পলানের আঙিনা সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার অভিযোগ করেন, পূজার ব্যস্ততা শেষে তিনি খাদ্য গুদামে গিয়ে দেখেন তাঁর স্বাক্ষর আগেই কেউ জাল করে চাল তুলে নিয়েছে। তিনি জানান, ডিও তিনি অন্যত্র বিক্রি করেছিলেন ঠিকই, কিন্তু চূড়ান্তভাবে চাল খালাসের জন্য খাদ্য বিভাগে তাঁর উপস্থিত হওয়া বা স্বাক্ষর দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি; অজ্ঞাত কেউ তাঁর সই নকল করে চাল আত্মসাৎ করেছে। তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।

একই ধরনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেছেন নরসিংহপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি আশিষ চন্দ্র নাথ, নৈহাটি সরকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুবিমল অধিকারী এবং বেরন এলাকার মহামায়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। তাঁদের অভিযোগ, উপজেলার আরও বহু মন্দিরের অনুকূলে বরাদ্দ করা চাল একইভাবে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাভার খাদ্য গুদামে বিভিন্ন সরকারি বরাদ্দের চাল কেনাবেচার সঙ্গে জড়িত রঞ্জিত নামের এক ব্যবসায়ী একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এই স্বাক্ষর জালিয়াতির মূল কলকাঠি নেড়েছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে রঞ্জিতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে জালিয়াতির বিষয়ে জানতে চাওয়া হলে সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোজাম্মেল হক অনিয়মের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রতিবেদককে বলেন, ‘আমি আপনাদের কাছে হাতজোড় করে বলছি এগুলো নিয়ে লিখবেন না। ভুক্তভোগী শম্ভু দাদাকে ডেকে এনে আমরা একসঙ্গে বসে সমাধান করব। এসব নিয়ে লেখালেখি হলে দেশের মানুষ বলবে পূজার বরাদ্দ নিয়ে কেলেঙ্কারি হয়েছে।’

সরকারি চাল উত্তোলনে দায়িত্বশীল কর্মকর্তাদের এমন ভূমিকা ও জালিয়াতির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত মন্দির কমিটির নেতারা।

এমএসএম / এমএসএম

আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪

টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার

সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস

সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ