ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
ভোরের ঘাসের ডগায় শিশিরবিন্দু আর হালকা কুয়াশার চাদরে জানান দিচ্ছে রূপসী হেমন্তের আগমনী বার্তা। কার্তিকের বিদায়লগ্নে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী, কালীগঙ্গা ও ইছামতী নদীর অববাহিকায় এখন পাকা ধানের মৌ মৌ গন্ধ। মাঠজুড়ে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। আর মাত্র কয়েক দিন পরই শুরু হবে অগ্রহায়ণ, সেই সঙ্গে গ্রামবাংলা মেতে উঠবে আবহমান ঐতিহ্যের নবান্ন উৎসবে।
অনাবৃষ্টির কারণে এবার বিলম্বে আমনের আবাদ শুরু হলেও শেষ পর্যন্ত অনুকূল আবহাওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ঘিওর সদর, পয়লা, সিংজুরী, বালিয়াখোড়া, বানিয়াজুরী, নালী ও বড়টিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইতোমধ্যেই আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। ভোর থেকেই সোনালি ফসল কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষাণ-কৃষাণীদের পদচারণে মুখর হয়ে উঠেছে বাড়ির আঙিনা ও উঠান।
জানা গেছে, চলতি মৌসুমে প্রতি মণ আমন উৎপাদনে কৃষকের খরচ হয়েছে প্রায় ৮০০ টাকা, আর বর্তমানে বাজারে কাঁচা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা দরে। ভালো ফলনের পাশাপাশি সন্তোষজনক দাম পেয়ে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। ধান কাটার পাশাপাশি অনেক পরিবার রবি মৌসুমের আলু রোপণের জন্যও জমি প্রস্তুত করছে।
এদিকে ধান তোলার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে হাজার বছরের প্রাচীন অসাম্প্রদায়িক নবান্ন উৎসবের প্রস্তুতি। গ্রামবাংলার রেওয়াজ অনুযায়ী চলছে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ। বাড়ি বাড়ি নাইওরে আসছেন কন্যাসন্তানেরা, আত্মীয়স্বজন ও জামাইদের জানানো হচ্ছে নিমন্ত্রণ। ঢেঁকিতে চালের গুঁড়া তৈরির পাশাপাশি নতুন চালের পায়েস, ক্ষীর ও পিঠাপুলি বানিয়ে পাড়া-প্রতিবেশীদের মাঝে বিতরণের চিরচেনা আনন্দে ভাসছে কৃষক পরিবারগুলো।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘হেমন্তের এই সময়টিতে গ্রামবাংলায় এক চিরায়ত রূপ ফুটে ওঠে। চারদিকে নতুন ধানের ঘ্রাণ মন ভরিয়ে দেয়। মিষ্টি রোদে বসে নতুন চালের পিঠাপুলি ও ক্ষীর-পায়েশ খাওয়ার এ সংস্কৃতি যুগ যুগ ধরে বাঙালিকে ঐক্য ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে রেখেছে।’
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জানান, জেলায় চলতি মৌসুমে ১৫ হাজার ৮৮৯ হেক্টর জমিতে ভাওয়াইল, দীঘা ও ডাপো জাতের আমন ধানের আবাদ হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৮৬২ হেক্টর জমিতে কালো মানিকসহ বিভিন্ন জাতের আউশ এবং ৪ হাজার ৬৬ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে। কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় কৃষকেরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় সোনালি ফসল ঘরে তুলছেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন