তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে,বাড়ছে শীতের অনুভূতি
কার্তিকের শেষপ্রান্তে উত্তরের জনপদে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। ভোরের হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর সন্ধ্যা নামতেই তাপমাত্রার দ্রুত পতন-সব মিলিয়ে পঞ্চগড়ে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে ভোরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী মানুষের কাছে শীতের উপস্থিতি এখন স্পষ্ট।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার (৮ নভেম্বর) সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকেরা। তবে সকালের ঠান্ডা বাতাসে অনেককেই গায়ে গরম কাপড় জড়িয়ে কাজে যেতে দেখা গেছে।
অটোভ্যানচালক তরিকুল ইসলাম বলেন,সকালে ভ্যান নিয়ে বের হলে এখন বেশ ঠান্ডা লাগে। বিশেষ করে ভোরে চলাচলের সময় হিমেল বাতাস শরীরে লাগে। তবে দিনের বেলায় রোদ উঠলে আবার গরম অনুভূত হয়।
চা শ্রমিক আবদুল খালেক বলেন, ‘ভোরে চা-বাগানে কাজ করতে গেলে ঠান্ডা বেশি লাগে। আগে পাতলা কাপড় পরেই কাজে যাওয়া যেত। এখন সকালে চাদর কিংবা গরম কাপড় জড়িয়ে কাজে বের হতে হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত কাঁথা-কম্বল ও চাদর ব্যবহার করতে হচ্ছে। আবহাওয়ার এমন পরিবর্তনে শীতের প্রস্তুতিও নিতে শুরু করেছেন অনেকে।
এদিকে শীতের আগমনী বার্তায় বদলে যেতে শুরু করেছে স্থানীয় বাজারের চিত্র। বিভিন্ন এলাকায় বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ভাপা, চিতই ও পাকান পিঠার ঘ্রাণে মুখর হয়ে উঠছে বাজারের অলিগলি। শীতের আমেজ উপভোগ করতে এসব দোকানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। একদিকে বাড়ছে শীতের অনুভূতি, অন্যদিকে জমে উঠছে গ্রামবাংলার চিরচেনা শীতের পিঠা-পুলির আয়োজন।
হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের প্রভাব কিছুটা আগেই অনুভূত হয়। অক্টোবরের শেষভাগ থেকেই এ অঞ্চলে শীতের আমেজ শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার দ্রুত পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো অসুস্থতা দেখা দিচ্ছে। আক্রান্তদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
তেঁতুলিয়ািি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা