ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরওয়ার আলমগীর। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে; তবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফটিকছড়ি বিএনপির চার ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিকেলে তাঁর নেতৃত্বে ফটিকছড়ি সদর বিবিরহাট এলাকায় এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে সরওয়ার আলমগীর বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদ ও স্বৈরাচারের হাত থেকে দেশের সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দেশপ্রেমের চেতনাকে ধারণ করে বর্তমানের যেকোনো সংকট রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে এবং সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সরকার কাজ করছে। এ সময় তিনি ফটিকছড়ির স্থানীয় উন্নয়নে সংসদ সদস্য সরওয়ার আলমগীরের পাশে থাকার আহ্বান জানান।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এজাহার মিয়া, আবুল কালাম আজাদ, শফিউল আলম ও নাছির উদ্দীন প্রমুখ।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে ঢাকা থেকে আগত শিল্পী ইতুন বাবু ও মৌসুমিসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার