ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৩:৫৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি গুদামঘরের দখল ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপ ও ছুরিকাঘাতে সরবি বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোরে উপজেলার চলবলা ইউনিয়নের ভুল্যারহাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সরবি বেগম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের এলাহী বখসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুল্যারহাট বাজারের ব্যবসায়ী নুরুদ্দিন মিয়ার একটি গুদামঘরে স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম রাজু যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে লেনদেনের হিসাব ও গুদামের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি গুদামঘরের মালিক নুরুদ্দিন সম্পত্তিটি শাহজালাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে ব্যবসায়িক পাওনা নিষ্পত্তি না হওয়ায় রাজু ঘরটি ছাড়তে অস্বীকৃতি জানান এবং একই দাগে তাঁদের ৬ শতাংশ জমি রয়েছে দাবি করে গুদামে নিজের ফুপু সরবি বেগমকে থাকতে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে গুদামঘরটি দখলের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বৃদ্ধা সরবি বেগমকে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর চিৎকার শুনে অপর এক নারী বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা

কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা