নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
নতুন মৌসুমের বীজ আলুর চালানের সঙ্গে বিক্রি হচ্ছে গত বছরের বীজ আলু। জয়পুরহাটের আক্কেলপুরে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ডায়মন্ড জাতের বীজ আলু কিনে এমন পরিস্থিতির মুখে পড়েছেন এক কৃষক। এ ঘটনায় দুটি দোকান পরিদর্শন করে ২০২৫ সালের প্রত্যয়নপত্রযুক্ত ১৫১ বস্তা বীজ আলু পেয়েছে উপজেলা কৃষি বিভাগ। পরে দোকান দুটিতে ওই কোম্পানির সব ধরনের বীজ আলু বিক্রি বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুণগত মান যাচাইয়ের জন্য দুই বস্তা বীজ আলু সংগ্রহ করা হয়েছে।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারের আলিফ ট্রেডার্স থেকে ২২ বস্তা বীজ আলু কেনেন কৃষক এনামুল হক। বাড়িতে নিয়ে বস্তা খোলার পর বীজের মধ্যে ভিন্নতা দেখতে পান তিনি। এ সময় কয়েকটি বস্তায় ২০২৫ সালের প্রত্যয়নপত্র দেখতে পান। পরে বিষয়টি দোকান মালিককে জানিয়ে সব বস্তা ফেরত দেন।
খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে আলিফ ট্রেডার্স পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা। সেখানে ঘটনার সত্যতা পাওয়ার পর দোকান মালিক আব্দুল খালেক জানান, বীজ আলুগুলো তিনি পাশের দিয়ল বাজারের মামুন ট্রেডার্স থেকে কিনেছেন।
পরে মামুন ট্রেডার্সে গিয়েও ২০২৬ সালের প্রত্যয়নপত্রযুক্ত বীজের বস্তার সঙ্গে ২০২৫ সালের প্রত্যয়নপত্রযুক্ত বীজ আলু পাওয়া যায়। মামুন ট্রেডার্সের মালিক জানান, তিনি পাশের ক্ষেতলাল উপজেলার মেসার্স ফারদিন ট্রেডার্স থেকে বীজগুলো কিনেছেন।
মেসার্স ফারদিন ট্রেডার্সের দেওয়া ক্যাশ মেমোতে থাকা নম্বরে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানি থেকেই বীজগুলো এভাবে এসেছে।
বীজের বস্তায় থাকা প্রত্যয়নপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ ও ২০২৬ সালে ইস্যু করা দুটি প্রত্যয়নপত্রেই বৈধতার মেয়াদ উল্লেখ রয়েছে ‘চলতি মৌসুম’। অর্থাৎ, দুই বছরের প্রত্যয়নপত্রে বৈধতার মেয়াদ একইভাবে উল্লেখ করা হয়েছে।
কৃষক এনামুল হক বলেন, কয়েক বছর ধরে আলু চাষ করে লোকসান হচ্ছে। এর মধ্যে কোম্পানি আবার আমাদের সঙ্গে প্রতারণা করছে। বাজারে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি আশা করছি, যাতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হন।
ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কর্মকর্তা নাজমুল হক বলেন, ভুলবশত ওই বীজ আলুগুলো বাজারে চলে এসেছে। কোম্পানির পক্ষ থেকে সেগুলো ফিরিয়ে নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, দুটি দোকানে গত বছরের প্রত্যয়নপত্রযুক্ত ১৫১ বস্তা বীজ আলু পাওয়া গেছে। এ ঘটনায় দোকানমালিকদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। পাশাপাশি ওই দুই দোকানে ব্র্যাক সীডের সব ধরনের বীজ আলু বিক্রি বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। বীজের গুণগত মান যাচাইয়ের জন্য দুই বস্তা বীজ আলু সংগ্রহ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ