ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১:৫৩

সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। বিধিমালায় বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য দুই বছর সময় দেওয়া, চালকের লাইসেন্স প্রক্রিয়া অন্তর্ভুক্ত, নিবন্ধন ফি কমানো এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করাসহ নয় দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব প্রস্তাবের কথা জানানো হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা আছে সংগঠনটির ঢাকা মহানগর শাখার।

ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল করে। এসব যানবাহন একদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের সাশ্রয়ী বাহনে পরিণত হয়েছে। তবে গত ১৩ বছর ধরে এসব যানবাহনকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ, গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। এরপর গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রস্তাবগুলো হচ্ছে—

১. বিদ্যমান ই-রিকশার কাঠামো বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামোয় রূপান্তরে কমপক্ষে দুই বছর সময় দিতে হবে এবং বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

২. নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনতে হবে।

৩. চালকদের লাইসেন্স দেওয়ার বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করে বিআরটিএকে যুক্ত করতে হবে এবং লার্নার ও লাইসেন্সের ফরম সংযোজন করতে হবে।

৪. নিবন্ধন ফি কমিয়ে দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার আসনের ই-রিকশার এককালীন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

৫. ই-রিকশার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে চালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।

৬. মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি এবং কোন কোন সড়কে চলাচল করতে পারবে, তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে।

৭. চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করা যাবে না, বীমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল করা যাবে না এবং গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে।

৮. লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যাতে সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা তৈরি না হয়।

৯. সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ কীভাবে হবে, তা স্পষ্ট করতে হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

aliul / aliul

খিলক্ষেতে তেলের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

পৌরসভায় সেবা ব‍্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি চার সংগঠনের

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের

রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

দুপুরের আগেই বৃষ্টির সম্ভাবনা