ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ১:৪২

রাজধানীতে কম দামে ফ্ল্যাট ও জমির শেয়ার বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট’-এর চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত ও প্রতারণার বিচারের দাবিতে প্রতিষ্ঠানটির আফতাবনগর কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে আফতাবনগরে আয়োজিত এ মানববন্ধনে বিশের অধিক ভুক্তভোগী অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে আকর্ষণীয় লোকেশনে স্বল্পমূল্যে জমির শেয়ার এবং এক বছরের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন শফিকুল ইসলাম। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে তিনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, যেসব প্লটের শেয়ার তাঁদের কাছে বিক্রি করা হয়েছে, সেগুলোর কোনো মালিকানাই ওই প্রতিষ্ঠানের নেই; বরং অন্যের জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে ভুয়া দলিলের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে।

প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকায় সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, সেনা ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক এবং দুদক কর্মকর্তাও রয়েছেন। ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে, আফতাবনগর ও রামপুরা এলাকার আবাসন প্রতিষ্ঠান ফাতেমা বিল্ডার্স লিমিটেডের সিইও মো. সামসুল হক ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইদ্রিস আলম সরদারের কাছ থেকে জমি দেওয়ার কথা বলে বিভিন্ন মেয়াদে ৭ কোটি টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া দুদক কর্মকর্তা ইকবালের কাছ থেকে ১ কোটি ৬৫ লাখ, পুরান ঢাকার ব্যবসায়ী রাশেদুল হাসানের কাছ থেকে ১ কোটি ৬০ লাখ, অবসরপ্রাপ্ত মেজর আসাদ, করপোরেট কর্মকর্তা এ কে এম জাবেদুর রহমান ও অধ্যাপক রেজাউলের কাছ থেকে ৬০ লাখ টাকা করে, পুলিশের বিশেষ শাখার (এসপি) এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ লাখ, ব্যাংক কর্মকর্তা মো. আবুল খায়ের মিয়ার কাছ থেকে ৫০ লাখ, সুপ্রিম কোর্টের এক সহকারী আইনজীবীর কাছ থেকে ৪২ লাখ এবং বেসরকারি চাকরিজীবী আব্দুর রহমানের কাছ থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ফাতেমা বিল্ডার্স লিমিটেডের সিইও মো. সামসুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, চুক্তি অনুযায়ী জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে শফিকুল উল্টো মামলা-হামলার হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত শফিকুল ইসলাম গুলশানের আজাদ মসজিদে ধর্মীয় লেবাস ধারণ করে মুসল্লিদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন এবং কম দামে জমির শেয়ার দেওয়ার প্রলোভন দেখাতেন। ইতিপূর্বে গ্রাহকদের বিক্ষোভের মুখে বাড়ির মালিক তাঁকে বনশ্রীর কার্যালয় থেকে বের করে দিলেও বর্তমানে নির্দিষ্ট কার্যালয় ছাড়াই তিনি অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চেক জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাঁদের জীবনের শেষ সঞ্চয় ফেরত পেতে এবং অভিযুক্ত প্রতারককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি ড. মো. আলী আফজাল জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি রিহ্যাবের সদস্য নয়। সদস্য হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেত। যেকোনো আবাসন প্রকল্পে অর্থ বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটি রিহ্যাবের তালিকাভুক্ত কি না এবং জমির মালিকানা ও রাজউকের অনুমোদন সঠিক রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ

ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত

আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ