ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তালাবদ্ধ সরকারি অ্যাম্বুলেন্স, রোগীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ২:১৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে দীর্ঘদিন ধরে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের তৎপরতায় চরম ভোগান্তিতে পড়েছেন মুমূর্ষু রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের গ্যারেজ তালাবদ্ধ থাকায় জরুরি মুহূর্তে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে বাধ্য হয়েই দ্বিগুণ বা অতিরিক্ত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে ভুক্তভোগীদের।

সরেজমিনে গত সোমবার (৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থান দখল করে ভেতরেই সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে একাধিক বেসরকারি অ্যাম্বুলেন্স। অন্যদিকে, সরকারি অ্যাম্বুলেন্সটি রাখার কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. শাহিনুর ইসলামকে হাসপাতালে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতাল অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্সের সুবিধা না থাকায় দিশেহারা স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে রাতের বেলায় এই সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। নিম্নবিত্ত ও অসহায় পরিবারগুলোর জন্য এই বাড়তি ব্যয় বহন করা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম বদলি হয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হাসান জানান, হাসপাতালের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার জন্য তিনি মৌখিকভাবে একাধিকবার নির্দেশ দিয়েছেন, কিন্তু চালকেরা তা মানছেন না। পরে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি হাসপাতালের কর্মচারী মো. আব্দুল মজিদকে ডেকে অবৈধভাবে অ্যাম্বুলেন্স পার্কিংকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক নোটিশ ইস্যু করার নির্দেশ দেন।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, সরকারি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কেন রোগীরা সেবা পাচ্ছেন না? যান্ত্রিক ত্রুটি থাকলে তা মেরামতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এবং কাদের ছত্রছায়ায় হাসপাতালের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড গড়ে উঠেছে? জনস্বার্থে দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সটি সচল করা এবং হাসপাতালের ভেতর থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া