ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ৪:২০

নেত্রকোনার খালিয়াজুরীতে সরকার পতনের ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। মামলায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানসহ ১২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সবিনয় তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, খালিয়াজুরী থানায় দায়ের করা মামলাটির নম্বর ৬। ১২ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি রুজু করা হয়। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে। ২ নম্বর আসামি নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার এবং ৩ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান। এজাহারে তাঁদের আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় ও সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, বর্তমান সরকারের পতন ঘটানো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের উদ্দেশ্যে আসামিরা বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর কুতুবপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় এবং মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বীরবিল্লাহ নামক স্থানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের ডাকবাংলার সামনে বিক্ষোভ মিছিল বের করার অভিযোগ আনা হয়েছে।

এতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা সরকারি সড়ক অবরোধ করে ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগও করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ১০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচি সফল করা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পরিকল্পনার অংশ হিসেবে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

মামলার বাদী মো. মুসলিম মিয়া উপজেলার সদর ইউনিয়নের মুসলিমহাটি গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে এসব কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে মামলার ১ নম্বর আসামি সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বর্তমানে দেশে অবস্থান করছেন না বলে জানা গেছে। নিকটাত্মীয়ের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত আসামি সবিনয় তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার