উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় টানা দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম তাঁর আপন মামা হওয়ায় গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে তাঁকে এই অবৈধ সুবিধা দিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও অভিভাবক শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয়টিতে সরেজমিন তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের শুরুতে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন নজরুল ইসলাম। ওই বছরের নভেম্বরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক থাকায় বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। তবে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিষয়টি গোপন রেখে ভাগিনার হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের ব্যবস্থা করে আসছেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, সরকার পতনের পর থেকেই নজরুল ইসলাম বিদ্যালয়ে আসেন না। স্থানীয় বাসিন্দা এনামুল হক, হারুন মিয়া, সিরাজুল ইসলাম ও শাহজামালসহ এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তাঁর পরিবারের ছয়জন সদস্য এই প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযোগকারী শাহ আলম বলেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের যোগসাজশে নজরুল ইসলাম নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন। এ অনিয়মের সুষ্ঠু বিচার চেয়ে তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত নজরুল ইসলাম পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম দাবি করেন, নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন, কেবল চলতি নভেম্বর মাসে তিনি ছুটিতে রয়েছেন। তবে ছুটির আবেদনপত্র দেখতে চাইলে সেটি বাড়িতে রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া বিদ্যালয়ে ছয়জন আত্মীয়ের কর্মরত থাকার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া গেছে। বিদ্যালয় থেকে হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। তদন্ত শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা