ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৫:১৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে শারীরিক প্রতিবন্ধী যুবক মো. কোরবান আলীর পৈতৃক সম্পত্তি ও বসতভিটা জবরদখল এবং পরিবারের নারী সদস্যদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর আপন চাচা ফজলুল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার, বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার এবং পরিবারের জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় স্থানীয় কাজিরহাট বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কোরবান আলীর বোন রিনা আক্তার (রুবিনা আক্তার) লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৪ সালে তাঁদের বাবা জমির উদ্দিন মারা যাওয়ার পর পরিবারে কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য না থাকায় তাঁরা চরম অসহায় হয়ে পড়েন। এ সুযোগে চাচা ফজলুল করিম বৃদ্ধ দাদা আব্দুর সবুরকে জিম্মি করে জালিয়াতির মাধ্যমে পরিবারের সমস্ত পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় তাঁদের পুরোনো বসতঘরটি ভেঙে যায়। পরে স্থানীয় বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহায়তায় তাঁরা নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে ফজলুল করিম ও তাঁর সহযোগীরা পেশিশক্তির জোরে কাজ বন্ধ করে দেন এবং ইটের গাঁথুনি ভেঙে গুঁড়িয়ে দেন।

রিনা আক্তার আরও দাবি করেন, এসব অন্যায়ের প্রতিবাদ করায় চাচা ফজলুল করিম এ পর্যন্ত ২০ বারের বেশি তাঁর গায়ে হাত তুলেছেন এবং হত্যার উদ্দেশ্যে ইট নিক্ষেপ করেছেন। বর্তমানে পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে কোরবান আলীর মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। সামনে শীত আসছে, আমরা এখন কোথায় যাব? ফজলুল করিমের হুমকিতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ছেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বৃদ্ধা দাদি শহর বানু বলেন, ‘আমার ছেলে ফজলুল করিম প্রতারণা করে সবার সম্পত্তি লিখে নিয়েছে। সে আমার অসহায় প্রতিবন্ধী নাতিকে সবকিছু থেকে বঞ্চিত করেছে এবং এখন তাকে থাকার জন্য একটি ঘরও বাঁধতে দিচ্ছে না। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমার নাতি ও বউমাদের পূর্ণ নিরাপত্তা চাই।’

সংবাদ সম্মেলনে ফজলুল করিমের ভাবিও প্রতারণার মাধ্যমে শ্বশুরের সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ তুলে এ জুলুমের তীব্র নিন্দা জানান।

ভুক্তভোগী পরিবারটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ও পৈতৃক সম্পত্তি উদ্ধারে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্ত ফজলুল করিম বর্তমানে কারাগারে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার

ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে

সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার‎

ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা

টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়

উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত