ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ১:৩৮

উত্তরের জনপদ কুড়িগ্রামের চিলমারীতে নারী শিক্ষার প্রসারে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠার পর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে চরাঞ্চলসহ চিলমারী ও পার্শ্ববর্তী উপজেলার পিছিয়ে পড়া নারীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে চলেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার আলো ছড়িয়ে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও সামাজিক পরিবর্তনে রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান।
১৯৯৫ সালে যাত্রা শুরু করা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে নারী শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য বিদ্যাপীঠ। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়।
বর্তমানে কলেজটিতে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক-কর্মচারী রয়েছেন ৬০ জন। এর মধ্যে প্রায় ৩০০ শিক্ষার্থী ডিগ্রি (পাস) কোর্সে পড়াশোনা করছে। প্রতিবছর পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল, জিপিএ-৫ অর্জন এবং পাসের হারে উপজেলার সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। শুধু একাডেমিক ফলাফলেই নয়, শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি বিভাগীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কলেজটি।
প্রায় চার একর নিজস্ব জমির ওপর গড়ে ওঠা কলেজটির রয়েছে দৃষ্টিনন্দন ও শিক্ষাবান্ধব পরিবেশ। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ করে তুলতে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, ডিজিটাল আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, খেলার মাঠ ও প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী। পাশাপাশি চরাঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে রয়েছে বিশেষ সহায়তার ব্যবস্থাও।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে নিয়মিত পরিচালিত হচ্ছে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার প্রশিক্ষণ, গল্পের আসর, রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।
কলেজটির শিক্ষা কার্যক্রমের সাফল্য ইতিমধ্যে জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। এখানকার সাবেক শিক্ষার্থীদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা, প্রশাসন, স্বাস্থ্যসেবা ও ব্যাংকিংসহ নানা পেশায় তাঁদের সাফল্য প্রতিষ্ঠানটির গৌরব আরও বাড়িয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. নাছিমা রব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, তারা আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবেও গড়ে উঠছে। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আজকের এই অবস্থান তৈরি হয়েছে।’
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গম চরাঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং নারী জাগরণ ও সামাজিক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে। তবে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াত সুবিধা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তাঁদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হলে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ আগামী দিনে শুধু চিলমারী নয়, পুরো উত্তরাঞ্চলের নারী শিক্ষার একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।
তিন দশকের এই পথচলা প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে প্রত্যন্ত অঞ্চলের নারীরাও শিক্ষায় এগিয়ে যেতে পারে, গড়ে তুলতে পারে নিজের ভবিষ্যৎ এবং রাখতে পারে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি